নড়াচড়ার ক্ষমতাও নেই! ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিপাকে নুসরত, জরুরি ভিত্তিতে হতে চলেছে স্পাইন সার্জারি

ছুটি কাটাতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডে মারাত্মক চোট লেগেছে। নড়াচড়ার ক্ষমতাটুকুও প্রায় নেই বললেই চলে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে তড়িঘড়ি মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিস্থিতি গুরুতর হওয়ায় অভিনেত্রীকে দ্রুত স্পাইন সার্জারির মুখোমুখি হতে হবে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মুম্বাইয়ের একটি হাসপাতালের সামনে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে অভিনেত্রীকে। সেই কঠিন মুহূর্তে তাঁর পাশে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে।

অভিনেত্রীর পিআর টিমের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, এই মুহূর্তে তাঁদের একমাত্র অগ্রাধিকার হলো নুসরতের সুচিকিৎসা এবং স্বাস্থ্য নিশ্চিত করা। অভিনেত্রীর দ্রুত আরোগ্যের স্বার্থে তাঁর ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। পরবর্তী আপডেট সঠিক সময়ে জানানো হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনার মাত্র এক সপ্তাহ আগেই বালি সৈকত থেকে একটি রোদচশমা পরা ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘Holiday on my mind! Where do I head out to now?’—তার ঠিক পরেই এই আকস্মিক বিপর্যয় নেমে এল।

এদিকে, এই দুর্ঘটনার খবরটি এমন এক সময়ে সামনে এল যখন টাইগার শ্রফের পরবর্তী ছবিতে নুসরতের নায়িকা হিসেবে চূড়ান্ত হওয়ার জোরালো গুঞ্জন চলছিল। এই প্রজেক্টের মাধ্যমেই প্রথমবার টাইগার ও নুসরতের অন-স্ক্রিন জুটি বাঁধার কথা ছিল। অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈন তাঁর নতুন প্রযোজনা সংস্থা ‘VJ Frames’-এর অধীনে এই প্রজেক্টের মাধ্যমেই প্রযোজক হিসেবে ডেবিউ করতে চলেছেন। নুসরতকে এর আগে শেষবার দেখা গিয়েছিল সোহম শাহের বিপরীতে ‘উফফ ইয়ে সিয়াপা’ চলচ্চিত্রে।

বলিপাড়ায় নুসরতের প্রায় দু’দশকের কেরিয়ার। ২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ ছবি দিয়ে কেরিয়ার শুরু হলেও ২০১০ সালে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘লাভ সেক্স অউর ধোকা’ এবং পরবর্তীকালে ‘প্যায়ার কা পঞ্চনামা’, ‘প্যায়ার কা পঞ্চনামা ২’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’-র মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নেন এই অভিনেত্রী। অনুরাগীরা এখন প্রার্থনা করছেন, তাঁদের প্রিয় তারকা যেন দ্রুত সুস্থ হয়ে ফের চেনা ছন্দে ফিরে আসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *