আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হতে চলেছে মায়াপুর! স্মার্ট সিটি হিসেবে সাজিয়ে তুলতে বিরাট মাস্টারপ্ল্যান রাজ্য সরকারের

বিশ্বের মানচিত্রে অন্যতম প্রধান আধ্যাত্মিক ও পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত মায়াপুরকে আরও উন্নত এবং আধুনিক রূপ দিতে বড়সড় পরিকল্পনা গ্রহণ করল রাজ্য সরকার। ইসকন মন্দিরকে কেন্দ্র করে মায়াপুরকে একটি আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক সেরেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ইসকনের লোটাস ভবনে আয়োজিত এই বৈঠকে স্থানীয় বিধায়ক, জেলা প্রশাসন, কেএমডিএ (KMDA)-এর সিইও এবং ইসকনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্লু-প্রিন্ট ও পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ইসকন মন্দির সংলগ্ন প্রায় ৭০০ থেকে ৮০০ একর জমি এবং পার্শ্ববর্তী টাউন এলাকাকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। কলকাতার বিখ্যাত কলেজ স্ট্রিট বা ট্যাংরার ‘চিনা টাউনে’র মতো নির্দিষ্ট এলাকার পরিকাঠামোগত উন্নয়নের আদলেই মায়াপুরকে সাজিয়ে তোলা হবে। দেশ-বিদেশ থেকে প্রতিদিন যে লক্ষ লক্ষ পুণ্যার্থী ও পর্যটক এখানে আসেন, তাঁদের কথা মাথায় রেখে উন্নত রাস্তাঘাট, আধুনিক নিকাশি ব্যবস্থা, গণপরিবহণ এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এর জন্য জাতীয় স্তরের দক্ষ প্ল্যানার ও আর্কিটেক্টদের দিয়ে একটি বিস্তারিত ব্লু-প্রিন্ট তৈরি করা হবে।
স্মার্ট সিটি প্রকল্পে নবদ্বীপ মন্ত্রী আরও জানান, রাজ্যের নির্বাচিত পাঁচটি স্মার্ট সিটির মধ্যে নবদ্বীপকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই মেগা পরিকল্পনার অংশ হিসেবেই নবদ্বীপ ও মায়াপুর—উভয় এলাকাকেই পৃথক ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। বর্তমানে এলাকাটি পঞ্চায়েতের অধীনে থাকায় কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে, যা দ্রুত যৌথ সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হবে। আধুনিক এসটিপি (STP) ও ডাম্পিং গ্রাউন্ড তৈরির পাশাপাশি সাফাইকর্মী ও প্রশাসনিক টিমকে সঙ্গে নিয়ে দ্রুততার সঙ্গে এই উন্নয়নমূলক কাজগুলি বাস্তবায়িত করা হবে বলে জানিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসকন মন্দিরে গিয়ে ঐতিহ্যশালী আরতিতেও অংশ নেন মন্ত্রী।