বক্সার জঙ্গলে আমূল বদল! ২০০০ একর জমিতে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ার মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বের পর্যটন মানচিত্রে আলিপুরদুয়ারকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তী সংলগ্ন প্রায় ২০০০ একর জমি জুড়ে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র (World Class Destination) গড়ে তোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় এই মেগা প্রকল্পের কথা জানান তিনি।

কেন্দ্রীয় সহযোগিতায় বক্সার রূপান্তর এদিনের মঞ্চ থেকে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় মন্ত্রীর নির্দেশ ও সহযোগিতাতেই বক্সার জয়ন্তী সংলগ্ন ২০০০ একর এলাকা চিহ্নিত করা হয়েছে। খুব শীঘ্রই সেখানে বিশ্বমানের পর্যটন পরিকাঠামো গড়ে তোলা হবে, যা আলিপুরদুয়ারের পর্যটন শিল্পকে সম্পূর্ণ নতুন মাত্রা দেবে। প্রাকৃতিক সৌন্দর্য ও বন্যপ্রাণীকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে এটিকে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বক্সায় বাঘের প্রত্যাবর্তন ও অন্যান্য উন্নয়নমূলক ঘোষণা মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে একটি বাঘিনী এনে বক্সার জঙ্গলে ছাড়া হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে আরও তিনটি বাঘ ছাড়ার পরিকল্পনা রয়েছে। নামেই টাইগার রিজার্ভ থাকলেও অতীতে বাঘ না থাকার বিষয়টি উল্লেখ করে পূর্বের সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি। এর পাশাপাশি বক্সার হলং বনবাংলো নতুন করে তৈরি করা এবং জলদাপাড়া জাতীয় উদ্যানে হাতির নামকরণের প্রসঙ্গও তুলে ধরেন।

জনজাতিদের জন্য বিশেষ উদ্যোগ উন্নয়নের এই ধারা বজায় রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। আসন্ন দশেরা থেকেই আলিপুরদুয়ারের প্রাচীন জনজাতির মানুষদের জন্য স্পেশাল ফুড প্যাকেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসককে। এছাড়া আগামী নভেম্বর মাসে টোটোপাড়া সফর করে সেখানে সোলার লাইট, আবাসন, শৌচালয়, পানীয় জল এবং খাদ্যকিট বিতরণের ব্যবস্থার কথাও ঘোষণা করেন তিনি। চা শ্রমিকদের অধিকার এবং বন্ধ বাগান চালুর বিষয়েও সরকারের সচেতনার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *