Recipe : ডিম নয়, আজ পাতে রাখুন দুর্দান্ত স্বাদের মোচার ডালনা! রইল জিভে জল আনা সহজ রেসিপি

নিরামিষের দিনে রান্নাঘরে উঁকি দিলেই সবার আগে মাথায় যে প্রশ্নটি ঘোরে, তা হলো—আজ ঠিক কী রান্না করা যায়? ছানা বা ডিমের ডালনা তো হামেশাই খাওয়া হয়, তবে জানেন কি, সঠিক পদ্ধতি ও মশলার সঠিক পরিমাণে যদি মোচার ডালনা রাঁধা যায়, তবে তা আমিষ রান্নার স্বাদকেও অনায়াসে কুপোকাত করতে পারে। পুষ্টিগুণে ভরপুর মোচা কীভাবে রান্না করলে তা এককথায় অনবদ্য হবে, তার সহজ ও সুস্বাদু রেসিপি রইল আপনাদের জন্য।
মোচার ডালনার প্রয়োজনীয় উপকরণ:
মোচা: ১টি (ছাড়িয়ে, কুচিয়ে কেটে সেদ্ধ করা)
আলু: ১টি (ডুমো করে কাটা)
ছোলা সেদ্ধ: আধ কাপ
কোড়ানো নারকেল: ১ কাপ
আদা বাটা: ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা: ২-৩টি
জিরে: ১ চা চামচ
জিরে গুঁড়ো: আধ চা চামচ
ধনে গুঁড়ো: আধ চা চামচ
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
লঙ্কার গুঁড়ো: আধ চা চামচ
তেজপাতা: ২টি
শুকনো লঙ্কা: ২টি
সর্ষের তেল: ২ টেবিল চামচ
ঘি: ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ
নুন ও চিনি: স্বাদমতো
মোচার ডালনা তৈরির সুস্বাদু প্রণালী:
প্রথমে কড়াইতে পরিমাণমতো সর্ষের তেল গরম করে তাতে জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপর তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে হালকা ভেজে নিন। আলু ভাজা হয়ে এলে তাতে আদা বাটা এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করুন।
অন্য একটি ছোট পাত্রে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে একটি পেস্ট তৈরি করে কড়াইতে ঢেলে দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা কড়াইতে দিয়ে দিন। এরপর স্বাদমতো নুন দিয়ে মশলার সঙ্গে মোচা ভালো করে কষিয়ে নিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিন।
কয়েক মিনিট পর ঢাকনা খুলে সামান্য জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। এবার এর ওপর সেদ্ধ ছোলা, কোড়ানো নারকেল এবং স্বাদমতো সামান্য চিনি ছড়িয়ে দিন। আরও একবার সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করুন। মোচা পুরোপুরি সেদ্ধ হয়ে এলে এবং জল শুকিয়ে গেলে নামানোর আগে ওপর থেকে খাঁটি ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন। ব্যস, এবার আঁচ বন্ধ করে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু নিরামিষ মোচার ডালনা!