ইকোপার্কের জলে হঠাৎ এ কী বিপর্যয়! ভেসে উঠল হাজার হাজার মরা মাছ, চাঞ্চল্য নিউটাউনে

নিউটাউনের অন্যতম প্রধান আকর্ষণ ইকোপার্কের জলাশয়ে হঠাৎ করেই দেখা দিল এক ব্যাপক মাছের মড়ক। শুক্রবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাধারণ মানুষ ও দর্শনার্থীরা দেখতে পান, বিশাল ওই জলাশয়ের যত্রতত্র ভেসে রয়েছে অগণিত মৃত মাছ। ছুটির দিনে শহরের জনপ্রিয় এই পার্কে এমন মর্মান্তিক দৃশ্য দেখতে পেয়ে মুহুর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে এলাকাবাসী ও পর্যটকদের মধ্যে।

মাছ মৃত্যুর আসল কারণ কী?
পরিবেশবিদ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, জলাশয়ে অক্সিজেনের আশঙ্কাজনক ঘাটতি এবং ক্রমবর্ধমান দূষণই এই ভয়াবহ বিপর্যয়ের মূল কারণ। দীর্ঘদিন ধরে জলে অতিরিক্ত পরিমাণে আবর্জনা জমার পাশাপাশি মাত্রাতিরিক্ত শৈবাল জন্মানোর ফলে পুরো জল সবুজ রঙ ধারণ করেছে। বিজ্ঞানসম্মত ব্যাখ্যায় জানা গিয়েছে, দিনের বেলায় এই সমস্ত শৈবাল সালোকসংশংশ্লেষ করলেও রাতে জল থেকে বিপুল পরিমাণ অক্সিজেন শোষণ করে নেয়। যার জেরে রাতের বেলায় জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে হ্রাস পায় এবং জলের তলায় অক্সিজেনের অভাবে দমবন্ধ হয়ে একসঙ্গে প্রচুর মাছের মৃত্যু হয়।

পাশাপাশি, ইকোপার্কের ওই জলাশয়ে পর্যটকদের বিনোদনের জন্য ব্যবহৃত মোটরচালিত বোট বা নৌকাগুলি থেকেও নিয়মিত তেল ও বিভিন্ন বর্জ্য পদার্থ জলে মিশছে। যার ফলে জলস্তর আরও দ্রুত দূষিত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। পরিবেশপ্রেমী মহলের দাবি, অবিলম্বে যদি জলাশয়টি পরিষ্কার করার উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় এবং দূষণ নিয়ন্ত্রণ করা না যায়, তবে আগামী দিনে এই সংকট আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *