কেবিসির মঞ্চে নস্টালজিক অমিতাভ বচ্চন! কলকাতার কোন স্মৃতিচারণায় মুগ্ধ করলেন বিগ বি?

জনপ্রিয় কুইজ রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-এর মঞ্চে ফের একবার খোলামেলা মেজাজে ধরা দিলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। বাংলার সঙ্গে তাঁর যে এক চিরন্তন ও আত্মিক টান রয়েছে, তা আরও একবার প্রমাণ করলেন তিনি। হটসিটে এক বাঙালি প্রতিযোগীকে সামনে পেয়ে পুরনো দিনের নস্টালজিয়ায় ভেসে গেলেন স্বয়ং বিগ বি। কলকাতার পার্ক স্ট্রিট থেকে শুরু করে শহরের আইকনিক লাইভ-মিউজিক সংস্কৃতি এবং প্রিয় খাবারের সুস্বাদু স্মৃতি উঠে এল তাঁর কথায়।

হটসিটে বসা প্রতিযোগী সৌরজ্য দাসের সঙ্গে কথা বলতে গিয়ে ১৯৬০-এর দশকে কলকাতায় নিজের কর্মজীবনের দিনগুলোর কথা স্মরণ করেন অমিতাভ। সেই সময় কলকাতার রাতের জীবন ও বিনোদনের প্রাণকেন্দ্র ছিল পার্ক স্ট্রিট। সেই সোনালী দিনগুলোর কথা মনে করে অমিতাভ জানান, “আমাদের রাতের বিনোদন বলতে ওই একটাই জায়গা ছিল। পার্ক স্ট্রিটে সব রেস্তোরাঁ যেন এক সারিতে সাজানো থাকত। অসাধারণ এক পরিবেশ… সারা বিশ্বে এমন দৃশ্য আমি কোথাও দেখিনি যেখানে মাত্র ১০০ মিটারের ব্যবধানে পাঁচ-ছয়টি সেরা মানের রেস্তোরাঁ পাশাপাশি রয়েছে।”

পার্ক স্ট্রিটের সুপরিচিত ভেন্যুগুলিতে সেই সময় যাঁরা গান গাইতেন, তাঁদের অবদানও সযত্নে স্মরণ করেন অমিতাভ। বিশেষ করে কিংবদন্তি গায়িকা ঊষা উত্থুপ এবং লুইস ব্যাঙ্কসের নাম উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, পার্ক স্ট্রিটের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ঊষা উত্থুপের নাম। ১৯৬৯ সালে কলকাতায় এসে সেখানকার একটি রেস্তোরাঁ থেকেই নিজের পেশাদার সঙ্গীতজীবন শুরু করেছিলেন তিনি। তৎকালীন নাইটক্লাবগুলিতে পাশ্চাত্য সঙ্গীতের দাপট থাকা সত্ত্বেও তিনি ঐতিহ্যবাহী শাড়ি পরেই গান গাওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। ঊষা উত্থুপের সেই লাইভ পারফরম্যান্স উপভোগ করতে সত্যজিৎ রায়, উত্তম কুমার ও শর্মিলা ঠাকুরের মতো গুণী ব্যক্তিত্বদের সঙ্গে নিয়মিত উপস্থিত থাকতেন খোদ অমিতাভ বচ্চনও।

শুধু গান বা আড্ডা নয়, কলকাতার বিখ্যাত খাবারের প্রতি নিজের দুর্বলতার কথাও অকপটে জানান অমিতাভ। কলকাতার ঐতিহ্যবাহী নিজামের কাবাব এবং সুস্বাদু রোল সহ বিভিন্ন পদের কথা অত্যন্ত নস্টালজিয়ার সঙ্গে স্মরণ করে তিনি বুঝিয়ে দিলেন, কলকাতার জামাই হিসেবে এই শহরের অলিগলির সঙ্গে তাঁর আবেগ কতটা গভীর।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *