মেসি ম্যাচের ভুল থেকে একশো শতাংশ সতর্ক প্রশাসন! ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ ঘিরে কলকাতার সুরক্ষায় নামছে খাস কেন্দ্রীয় বাহিনী

গত বছর ডিসেম্বরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া অনভিপ্রেত পরিস্থিতি এবং মেসি-কাণ্ড থেকে বড় শিক্ষা নিল রাজ্য সরকার ও প্রশাসন। আগামী ৩ অক্টোবর ভারত বনাম ব্রাজিল এবং ৬ অক্টোবর ভারত বনাম উরুগুয়ে—এই দুটি হাই-ভোল্টেজ প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে রাজ্যের ক্রীড়াপ্রেমীদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। তবে কোনো রকম বিশৃঙ্খলা বা নিরাপত্তার ফাঁকফোকড় এড়াতে এবার প্রথম থেকেই চরম কড়াকড়ি শুরু হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি এই মেগা ইভেন্টের আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে নামানো হচ্ছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী।

কী ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে?

প্রশাসন সূত্রে খবর, বিমানবন্দর থেকে শুরু করে ফুটবলারদের টিম হোটেল, প্র্যাকটিস ভেন্যু এবং মূল ম্যাচ ভেন্যু—সর্বত্রই রাজ্য পুলিশের পাশাপাশি মেমেমে কড়া পাহারা দেবে কেন্দ্রীয় বাহিনী। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক ও দানিলোদের মতো বিশ্বমানের তারকাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে ব্রাজিল থেকে খাস একটি ৮ সদস্যের বিশেষ নিরাপত্তার প্রতিনিধি দল কলকাতায় আসছে। এই দলে অভিজ্ঞ প্রাক্তন সেনা কর্তারাও রয়েছেন, যারা টিম হোটেলের প্রতিটি ফ্লোরে ২৪ ঘণ্টা কড়া নজরদারি বজায় রাখবেন।

স্টেডিয়ামের পরিকাঠামোয় বড় বদল

নিরাপত্তার পাশাপাশি স্টেডিয়ামের ভেতরে দর্শকদের স্বাচ্ছন্দ্য ও প্রবেশ-প্রস্থানের পথ মসৃণ করতে একাধিক নতুন গেট তৈরি এবং পুরনো গেটগুলি চওড়া করার কাজ চলছে। অনুশীলনের মাঠগুলির চারপাশে বসানো হয়েছে নতুন সুরক্ষা বেষ্টনী বা ফেন্সিং। গ্যালারির আসন বিন্যাস নতুন করে সাজানোর পাশাপাশি খাবারের স্টল, শৌচাগার এবং সার্বিক সৌন্দর্যায়নের কাজও এখন শেষের পথে। খোদ ক্রীড়ামন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যবস্থার তদারকি করছেন। ভিনদেশি তারকাদের পা পড়ার আগেই কলকাতার যুবভারতীকে এক দুর্ভেদ্য নিরাপত্তা দুর্গে পরিণত করতে বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *