পুজোয় ভিড় ঠেলে রেস্তোরাঁয় নয়! বাড়িতেই বানান কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি!

পুজো আসছে আর জমিয়ে চিকেন বিরিয়ানি খাবেন না, তা কি কখনো হয়! তবে ঠাকুর দেখতে গিয়ে ক্লান্ত হওয়ার পর রেস্তোরাঁর অন্তহীন লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে কারই বা ভালো লাগে। কিন্তু তাই বলে কি সাধের বিরিয়ানি খাওয়া বাদ দেবেন? একদমই নয়! রেস্তোরাঁর লম্বা লাইন এড়িয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন পারফেক্ট কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। রইল প্রয়োজনীয় উপকরণ এবং ধাপে ধাপে তৈরির সহজ পদ্ধতি।

প্রয়োজনীয় উপকরণ

  • ৫০০ গ্রাম বাসমতি চাল

  • ৫০০ গ্রাম চিকেন

  • ৪ পিস আলু এবং ২-৪টি সেদ্ধ ডিম

  • ৩টি পেঁয়াজ কুচি

  • ২ টেবিলচামচ করে আদা বাটা ও রসুন বাটা

  • আধ কাপ দই এবং অর্ধেক লেবুর রস

  • ২ টেবিলচামচ বিরিয়ানি মশলা, ২ টেবিলচামচ জিরে গুঁড়ো ও ১ টেবিলচামচ গোলমরিচ

  • হাফ টেবিলচামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ১ টেবিলচামচ হলুদ গুঁড়ো

  • তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়ত্রী ও জায়ফল

  • ৫ টেবিলচামচ ঘি ও হাফ কাপ তেল

  • গোলাপ জল, ক্যাওড়া জল, মিঠা আতর ও জাফরান মেশানো দুধ

  • নুন স্বাদমতো

ধাপে ধাপে তৈরির পদ্ধতি

১. ম্যারিনেশন ও চাল সেদ্ধ: প্রথমে চিকেনের টুকরোগুলিকে দই, লঙ্কার গুঁড়ো, হলুদ ও নুন দিয়ে অন্তত এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। অন্যদিকে এলাচ ও তেজপাতা দিয়ে বাসমতি চাল সেদ্ধ করে জল ঝরিয়ে আলাদা করে রেখে দিন।

২. বিশেষ মশলা তৈরি: গোলমরিচ, লবঙ্গ, এলাচ এবং দারচিনি কড়াইতে শুকনো খোলায় ভালো করে ভেজে নিন। ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে তৈরি করে ফেলুন বিরিয়ানির স্পেশাল ভাজা মশলা।

৩. চিকেন কষা ও আলু ভাজা: পাত্রে ঘি গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামী করে ভেজে নিন। একে একে আদা-রসুন বাটা, গুঁড়ো মশলা এবং ম্যারিনেট করা চিকেন দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে ১০-১২ মিনিট রান্না করুন। অন্য কড়াইতে টুকরো করা আলু লালচে করে ভেজে সেদ্ধ করে নিন।

৪. সুগন্ধী মিশ্রণ ও দমে বসানো: উষ্ণ দুধে জাফরান, ক্যাওড়া জল, গোলাপ জল এবং মিঠা আতর মিশিয়ে একটি সুগন্ধী মিশ্রণ তৈরি করুন। এবার একটি বড় পাত্রে ঘি মাখিয়ে ভাত ও চিকেনের লেয়ার বা স্তর তৈরি করুন। মাঝে ভাজা আলু এবং ওই সুগন্ধী দুধের মিশ্রণ ছড়িয়ে দিন। পাত্রের মুখে আটার লেচি দিয়ে সিল করে দিন, যাতে বাষ্প বাইরে না বেরোয়। ঢাকা দিয়ে এভাবে ৩০ মিনিট দমে রাখুন।

ব্যাস, ৩০ মিনিট পর ঢাকনা খুললেই ছড়াবে তাক লাগা সুবাস। গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা সুস্বাদু কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *