পুজোয় কি পণ্ড হবে আনন্দ? নিম্নচাপের কালো মেঘে ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলায়!

বর্ষার বিদায়ঘণ্টা বেজে গেলেও এখনই পুরোপুরি স্বস্তি মিলছে না বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আসন্ন পুজোর মরশুমেও বৃষ্টির আশঙ্কা থেকে যাচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপটি কিছুটা শক্তি হারালেও এর প্রভাবে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। এর ফলে বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করা নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল এবং কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। শুক্রবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। তবে শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনো আশঙ্কা না থাকলেও ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের ক্ষেত্রেও চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি—এই ওপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে পাহাড়ে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করা হচ্ছে।

কলকাতার আবহাওয়া ও বর্ষা বিদায়ের পালা সপ্তাহ শেষে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ দু’এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের কোনো দুর্যোগের আশঙ্কা নেই। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দেশ থেকে বর্ষার বিদায়পর্ব শুরু হয়ে গিয়েছে। সাধারণত পশ্চিমবঙ্গ থেকে ১০ অক্টোবরের আশপাশ থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে। ফলে পুজোর আগে আবহাওয়া পুরোপুরি শুষ্ক হওয়ার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *