রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে হাজার হাজার আধার-প্যান কার্ড! সঙ্গে পোস্ট অফিসের ব্যাগ, চরম চাঞ্চল্য এলাকায়

রাস্তার মধ্যে এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সাধারণ মানুষের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও আর্থিক নথিপত্র। আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই, আয়ুষ্মান কার্ড থেকে শুরু করে বিভিন্ন বিমার মূল্যবান নথি—কী নেই সেই তালিকায়! শুধু তাই নয়, ঘটনাস্থলে একটি পোস্ট অফিসের ব্যাগ পড়ে থাকতে দেখেই চোখ কপালে ওঠে স্থানীয় বাসিন্দাদের। প্রকাশ্য রাস্তায় এত গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র এভাবে ছড়িয়ে থাকার ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের ইসলামপুর জুড়ে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর রেলগেট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় সাধারণ মানুষ দেখতে পান যে রাস্তার ওপর অসংখ্য মানুষের ব্যক্তিগত ও গোপনীয় কাগজপত্র অবহেলায় পড়ে রয়েছে। যার মধ্যে বহু নাগরিকের সংবেদনশীল পরিচয়পত্র ও আর্থিক লেনদেনের নথিও রয়েছে। এই দৃশ্য দেখেই এলাকায় শোরগোল শুরু হয়ে যায়।

কীভাবে এবং কার বা কাদের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ নথিগুলি এভাবে রাস্তায় এল, তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ। সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য এভাবে প্রকাশ্যে চলে আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত তৎপরতা শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ এবং ইসলামপুর পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। পুলিশ ও পোস্ট অফিস কর্তারা যৌথভাবে রাস্তায় ছড়িয়ে থাকা সমস্ত নথিপত্র উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে এবং কীভাবে পোস্ট অফিসের ব্যাগ সহ এত নথি বেওয়ারিশ অবস্থায় রাস্তায় এল, তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *