রণবীরকে সলমন-রজনীকান্ত বানিয়ে দিয়েছে! ‘রামায়ণ’ ট্রেলার দেখে কেন ফুঁসে উঠলেন ‘শক্তিমান’ মুকেশ খান্না?

বলিউডের মোস্ট আ্যন্টিসিপেটেড প্রজেক্ট তথা নীতেশ তিওয়ারি পরিচালিত বিগ বাজেট ছবি ‘রামায়ণ’-এর ট্রেলার সামনে আসতেই শুরু হয়েছে তুমুল আলোচনা। পর্দায় শ্রীরামের ভূমিকায় রণবীর কাপুরের লুক এবং ছবির গ্র্যান্ড স্কেল নিয়ে একদিকে যখন দর্শকদের উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই এই ট্রেলার দেখে বেজায় চটেছেন ‘শক্তিমান’ খ্যাত প্রবীণ অভিনেতা মুকেশ খান্না। তাঁর সোজা কথা, সিনেমায় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকে যেভাবে অ্যাকশন হিরো হিসেবে তুলে ধরা হয়েছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়।
রণবীরকে নিয়ে ঠিক কী অভিযোগ মুকেশের?
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘রামায়ণ’ ছবির ট্রেলারের একটি বিশেষ দৃশ্য নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মুকেশ খান্না। ওই ট্রেলারে রামের চরিত্রে রণবীর কাপুরকে তরতর করে গাছে চড়তে এবং সেখান থেকে আক্রমণ করতে দেখা গেছে। এই দৃশ্যটি দেখেই ক্ষোভে ফেটে পড়েন প্রবীণ অভিনেতা।
তাঁর স্পষ্ট বক্তব্য, “আপনারা তো ওঁকে সলমন খান, অমিতাভ বচ্চন বা রজনীকান্ত বানিয়ে দিয়েছেন! না মশাই, রাম হলেন রাম। তিনি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম।” রামের চরিত্রে এমন মারকাটারি অ্যাকশন স্টাইল কিছুতেই মানতে পারছেন না তিনি। মুকেশ খান্নার যুক্তি, শ্রীরাম সবসময় শান্ত ও হাসিমুখে থাকতেন। এমনকী সমুদ্রের কাছে পথ চাওয়ার সময়ও তিনি মর্যাদা বজায় রেখে হাত জোড় করে অনুরোধ করেছিলেন।
মুকেশ আরও কটাক্ষ করে বলেন, শ্রীরামকে যদি ক্লিন্ট ইস্টউডের মতো হলিউডি অ্যাকশন হিরো হিসেবে লড়তে হয়, তবে তাঁর তো বানর সেনার কোনও প্রয়োজনই থাকার কথা নয়! তিনি প্রশ্ন তোলেন, রাম যদি নিজেই এভাবে যুদ্ধ করতেন, তবে রাবণ বধের জন্য বানর সেনার সাহায্য নেওয়ার কী দরকার ছিল? এছাড়া ছবিতে মাত্রাতিরিক্ত ভিএফএক্স (VFX) ও স্পেশাল এফেক্টসের ব্যবহার নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, ছবিটি হয়তো ‘স্টার ওয়ার্স’-এর সঙ্গে পাল্লা দেবে এবং প্রচুর ব্যবসা করবে, কিন্তু ভারতের সিনেমা সবসময় এদেশের মানুষের ভক্তি ও বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হওয়া উচিত। দর্শকরা কেবল স্পেশাল এফেক্টস দেখতে হলে হলে যাবেন না।
কবে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’?
উল্লেখ্য, নীতেশ তিওয়ারির এই বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুরের পাশাপাশি সীতার চরিত্রে সাই পল্লবী এবং লঙ্কার রাজা রাবণের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার যশকে। এছাড়াও ছবিতে অরুণ গোভিল, সানি দেওল, রকুল প্রীত সিং এবং রবি দুবের মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ছবিটি দুটি ভাগে মুক্তি পাবে। সব ঠিকঠাক থাকলে এই মেগাবাজেট ছবির প্রথম পর্বটি চলতি বছরের দীপাবলিতেই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।