SBI-গ্রাহকদের জন্য বড় ধাক্কা! ATM থেকে টাকা তোলা আরও ব্যয়বহুল—জেনে নিন নতুন চার্জ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর গ্রাহকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সতর্কবার্তা। আগামীকাল, অর্থাৎ ১ অক্টোবর থেকে এসবিআই-এর সেভিংস এবং স্যালারি অ্যাকাউন্ট—উভয় ক্ষেত্রেই নগদ টাকা তোলার নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ব্যাঙ্কের নতুন নির্দেশিকা অনুযায়ী, এটিএম ব্যবহারের ক্ষেত্রে ফ্রি লিমিট পেরিয়ে গেলে গ্রাহকদের আগের তুলনায় অনেক বেশি চার্জ গুণতে হবে, যা সরাসরি প্রভাব ফেলবে আপনার দৈনন্দিন খরচে।
সেভিংস অ্যাকাউন্টে নতুন চার্জের নিয়ম
এসবিআই-এর তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টগুলির (BSBD) ক্ষেত্রে নতুন চার্জ কার্যকর হচ্ছে। গ্রাহকরা প্রতি মাসে আগের মতোই চারটি লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। কিন্তু এই ৪ বার ফ্রি লেনদেনের কোটা শেষ হওয়ার পর, পঞ্চম লেনদেন কিংবা তার পরবর্তী প্রতিবার এটিএম থেকে টাকা তোলার জন্য ১৫ টাকা এবং তার সঙ্গে প্রযোজ্য জিএসটি (GST) চার্জ কাটা হবে। ফলে যারা নিয়মিত এটিএম ব্যবহার করেন, তাঁদের এখন থেকে লেনদেনের সংখ্যা নিয়ে আরও বেশি সতর্ক থাকতে হবে।
স্যালারি অ্যাকাউন্টের ফ্রি লিমিট কমল
শুধু সাধারণ সেভিংস অ্যাকাউন্টই নয়, পরিবর্তন আসছে এসবিআই-এর স্যালারি অ্যাকাউন্টধারীদের নিয়মেও। ১ অক্টোবর থেকে স্যালারি অ্যাকাউন্টের মাসিক ফ্রি লেনদেনের সীমা এক ধাক্কায় ১০টি থেকে কমিয়ে মাত্র ৫টি করা হচ্ছে। এই ৫টি ফ্রি ট্রানজ্যাকশনের মধ্যে কেবল নগদ টাকা তোলা নয়, বরং ব্যালেন্স চেক করা বা মিনি স্টেটমেন্ট নেওয়ার মতো নন-ফাইন্যান্সিয়াল লেনদেনও অন্তর্ভুক্ত থাকবে।
বিনামূল্যে লেনদেনের এই সীমা পেরিয়ে যাওয়ার পর খরচ অনেকটাই বাড়বে:
নগদ তোলা: ফ্রি লিমিটের পর এটিএম থেকে টাকা তুললে প্রতি লেনদেনে ২৩ টাকা এবং তার সঙ্গে জিএসটি দিতে হবে।
অন্যান্য পরিষেবা: আর্থিক লেনদেন ছাড়া বাকি অন্যান্য পরিষেবার (নন-ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন) ক্ষেত্রে প্রতিবারে ১১ টাকা ও জিএসটি কাটা হবে।
উৎসবের মরসুমের ঠিক আগে ব্যাঙ্কের এই নিয়মে পরিবর্তন সাধারণ গ্রাহকদের পকেটে কিছুটা হলেও বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।