সারথি প্রকল্পের সাইকেল না পেয়ে তুলকালাম! মালদায় ভরসন্ধ্যায় দীর্ঘ যানজটে আটকে পড়ল জাতীয় সড়ক

সারথি প্রকল্পের সাইকেল বিলি নিয়ে চরম বিশৃঙ্খলা দেখা দিল মালদায়। ছাত্রীদের সাইকেল দেওয়া হলেও দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও সাইকেল না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন নবম শ্রেণির ছাত্ররা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। যার জেরে ভরসন্ধ্যাবেলা মালদার চাঁচলের নেতাজি মোড়ে তীব্র যানজট তৈরি হয় এবং চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।
সারাদিন অপেক্ষা করেও মিলল সাইকেল খবর অনুযায়ী, হরিনারায়ণ এগ্রিল হাইস্কুল এবং শীতলপুর মোবারকপুর হাইস্কুলের শতাধিক ছাত্র এদিন নির্ধারিত সময়ে ব্লক অফিসে হাজির হন। স্কুল থেকে সাইকেল দেওয়ার কথা বলা হয়েছিল বলেই তাঁরা নিজেদের খরচে গাড়ি ভাড়া করে সেখানে পৌঁছান। কিন্তু সারাদিন ধরে অপেক্ষা করার পরও তাঁদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়নি। অভিযোগ ওঠে, এ দিন কেবল ছাত্রীদেরই সাইকেল দেওয়া হয়েছে, অথচ বঞ্চিত রাখা হয়েছে ছাত্রদের।
প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। ক্ষুব্ধ পড়ুয়াদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, একসঙ্গে বিপুল সংখ্যক পড়ুয়া উপস্থিত থাকায় প্রথম দিনে সকলকে সাইকেল দেওয়া সম্ভব হয়নি, তবে আগামী বৃহস্পতিবার বাকিদের হাতে সাইকেল তুলে দেওয়া হবে। প্রশাসনের এই আশ্বাসের পর প্রায় ১৫-২০ মিনিট বাদে অবরোধ তুলে নেন ছাত্রছাত্রীরা।
উল্লেখ্য, অতীতে ‘সবুজ সাথী’ প্রকল্পের আদলে বর্তমান সরকারের আমলে অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়াদের জন্য ‘সারথি’ প্রকল্প চালু করা হয়েছে। তবে মালদার এই ঘটনার জেরে প্রথম সারির সরকারি প্রকল্পগুলির রূপায়ন ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।