পেনাল্টি মিসের খেসারত! ঘরের মাঠে নর্থ-ইস্টের কাছে আটকে গেল মোহনবাগান, শিল্ডে বড় ধাক্কা

চলতি মরশুমে ধারাবাহিকতা কি তবে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে চলেছে মোহনবাগানের জন্য? আইএফএ শিল্ডের দ্বিতীয় ম্যাচে শ্রীনিধি ডেকানকে হাফডজন গোলে উড়িয়ে দেওয়ার পর, ঘরের মাঠে মঙ্গলবার নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে হোঁচট খেলো সবুজ-মেরুন। হাইল্যান্ডার্সের বিরুদ্ধে ১-1 গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো প্যানাগিওটিস ডিম্পেরিসের ছেলেদের। যদিও আগেই সেমিফাইনাল নিশ্চিত থাকায় এই ড্রয়ের ফলে গ্রুপ শীর্ষস্থান হাতছাড়া হয়নি, তবে নকআউটের আগে দলের অগোছালো পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এগিয়ে গিয়েও পয়েন্ট নষ্ট

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল মোহনবাগান। নর্থ-ইস্ট প্রথম একাদশে শুধুমাত্র ভারতীয় ফুটবলারদের নিয়ে মাঠে নামলেও, চার বিদেশি নিয়ে ছক কষেছিলেন বাগান কোচ। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্খিত সাফল্য পায় দল। ৪৯ মিনিটে পরিবর্ত জেমি ম্যাকলারেনের বাড়ানো পাস থেকে নিখুঁত শটে মোহনবাগানকে এগিয়ে দেন স্কটিশ স্ট্রাইকার আরউইন।

কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট আসে ৬৯ মিনিটে। ডি-বক্সে বল বিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি পায় সবুজ-মেরুন। কিন্তু সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন মিগুয়েল ফিগেরা; তাঁর স্পট-কিক দারুণ দক্ষতায় রুখে দেন নর্থ-ইস্ট গোলরক্ষক দীপেশ চৌহান।

শেষ মুহূর্তের নাটক ও গোল হজম

পেনাল্টি মিসের চড়া মাশুল দিতে হয় মাত্র তিন মিনিটের মধ্যে। ৭২ মিনিটে রক্ষণের অসতর্কতার সুযোগ নিয়ে দুর্দান্ত একক দৌড়ে গোল করে সমতা ফেরান নর্থ-ইস্টের বদলি বিদেশি এথিয়ান গঞ্জালেস। এরপর গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালালেও প্রতিপক্ষ গোলরক্ষক দীপেশ চৌহানের প্রাচীর ভাঙতে পারেনি বাগান আক্রমণভাগ। ম্যাচের শেষ মুহূর্তে সুহেল ভাট ও ছাংতেদের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় মোহনবাগানকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *