আইএএস ছাড়তেই রাজনীতিতে যোগদানের ঘোষণা! প্রাক্তনীকে দলে টানতে বড় অফার দিল কংগ্রেস

স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি (VRS) নেওয়ার পরেই উত্তরপ্রদেশের রাজনীতিতে এক নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন প্রাক্তন আইএএস অফিসার দিব্যা মিত্তল। আমলাতন্ত্রের গণ্ডি পেরিয়ে সরাসরি রাজনীতিতে আসার ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তাঁকে নিজেদের শিবিরে টানতে আসরে নেমে পড়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। ইউপি কংগ্রেসের সভাপতি অজয় রাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, দিব্যা মিত্তল যদি রাজনীতি করতে চান, তবে কংগ্রেসে তাঁর জন্য দরজা খোলা রয়েছে এবং দল তাঁকে সাদরে স্বাগত জানাবে।
মির্জাপুরের সেই সংগ্রামের স্মৃতি ও কংগ্রেসের অফার মির্জাপুরের জেলা ম্যাজিস্ট্রেট (DM) হিসেবে দায়িত্ব পালনের সময় দিব্যা মিত্তলের কাজের ধরণ ও প্রশাসনিক লড়াইয়ের কথা স্মরণ করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, অতীতে তাঁর সমস্ত কঠিন লড়াইয়ে কংগ্রেস পাশে ছিল। ভবিষ্যতে তিনি রাজনীতিতে এলে দল তাঁর পাশে থাকবে। মূলত, সম্প্রতি নিজের ভিআরএস মঞ্জুর হওয়ার পর একটি ভিডিও বার্তায় দিব্যা মিত্তল স্পষ্ট করে দিয়েছিলেন যে, তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ না দিয়ে সরাসরি সাধারণ মানুষের সঙ্গেই কাজ করতে চান। তাঁর এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়।
ওপি রাজভরের তীব্র কটাক্ষ অন্যদিকে, কংগ্রেসের এই উদ্যোগ এবং প্রাক্তন আইএএস অফিসারের রাজনীতিতে প্রবেশ ভালোভাবে নেননি শাসক শিবিরের নেতারা। উত্তরপ্রদেশ সরকারের কেবিনেট মন্ত্রী ওম প্রকাশ রাজভর এর তীব্র সমালোচনা করে এক হাত নিয়েছেন। তাঁর কটাক্ষ, “আইএএস অফিসার হওয়া যতটা সহজ, রাজনীতিতে এসে বিধায়ক হওয়া ততটা সহজ নয়। সম্ভবত তাঁর অনেক টাকা আছে, আর সেই জোরেই তিনি নির্বাচন লড়তে নামছেন।”
পাশাপাশি অপর মন্ত্রী অনিল রাজভরের মন্তব্য, জনজীবনে নামলে আসল সংগ্রামের মুখোমুখি দাঁড়াতে হয়। সব মিলিয়ে, একজন হেভিওয়েট আমলার প্রশাসনিক চাকরি ছেড়ে রাজনীতির আঙিনায় পা রাখার এই সিদ্ধান্ত যে আগামী দিনে ইউপির সমীকরণ বড়সড় বদল ঘটাতে পারে, তা বলার অপেক্ষা রাখে না।