বিগ বসের ঘরে এসেই মারাত্মক মাস্টারস্ট্রোক কলকাতার মেয়ের! কার কান ভারী করে নিমেষে গেমের রং বদলে দিলেন অনুষ্কা?

‘বিগ বস’ (Bigg Boss) মানেই নিত্যনতুন নাটক,লড়াই এবং সমীকরণের খেলা। আর সেই খেলার সমীকরণ পুরোপুরি বদলে দিতেই শোয়ের অন্দরে পা রেখেছেন নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী। কলকাতার মেয়ে, ‘স্প্লিটসভিলা’ খ্যাত জনপ্রিয় মডেল অনুষ্কা ঘোষ বিগ বসের ঘরে প্রবেশ করেই নিজের চাল চালতে শুরু করেছেন। এসেই তিনি যেমন একদিকে নন্দিনীর বিরুদ্ধে রাজবীরের কান ভারী করেছেন, তেমনই আবার উল্টো পথে নন্দিনীকে সতর্ক করে গেমের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছেন।
মাঝরাতে বাথরুম এরিয়ায় কী কথা হলো?
দাদার দরবারের পর্ব শেষ হওয়ার পর তখন গভীর রাত। বাথরুম এরিয়াতে বসে মেকআপ তুলছিলেন অনুষ্কা ঘোষ। তাঁর পাশেই বসেছিলেন নন্দিনী দত্ত। ঠিক সেই মুহূর্তেই নন্দিনীকে সরাসরি নিশানা করে অনুষ্কা বলেন, “দু’জনকেই বলছি, তোদের ব্যাপার, তোরা কীভাবে বিগ বস জিতবি। ও তোর চারপাশে ঘুরছে, তুইও তাই। ভালো লাগে মনে রাখ, বাইরে গিয়ে থাকবি একসঙ্গে। কিন্তু এখানে গেম খেলতে এসেছিস তো। খেল নিজে। ওকে রিভলভ করে চলছিস কেন?”
অনুষ্কার এই বিস্ফোরক মন্তব্যের জবাবে নন্দিনী পাল্টা প্রশ্ন করে বসেন, “এটা ঠিকই বলেছিস। আচ্ছা, ওর মধ্যে যে অ্যাগ্রেশন আছে, সেটা কি কোথাও গিয়ে আমাকে আরও অ্যাগ্রেসিভ করেছে? তোর কী মনে হয়?”
রিঅ্যালিটি চেক ও অনুষ্কার ব্রেনওয়াশ
নন্দিনীর এই কথার কোনও সরাসরি উত্তর না দিয়ে অনুষ্কা তাঁকে আরও কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি স্পষ্ট জানান, “এটা কানেকশন বানানোর জায়গা নয়, যে দু’জনে মিলে জিততে হবে। খুব ইনসিকিওর লাগছে তোকে। এই ক’দিনে তোর এত ভালোবাসা কী করে হয়ে গেল?” জবাবে নন্দিনী সাফ জানান, “ভালোবাসা না…। কিন্তু হ্যাঁ, ধন্যবাদ আমাকে একটা রিঅ্যালিটি চেক দেওয়ার জন্য।”
অনুষ্কা তাঁকে আরও বোঝানোর চেষ্টা করে বলেন, “তুই মানিস তো আমি গেম খেলেছি? গেমের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে তোদের সবটাই ফেক লাগছে।” যদিও অনুষ্কার এই দাবি মানতে নারাজ নন্দিনী। তিনি স্পষ্ট ভাষায় জানান, তাঁর তরফ থেকে কোনও কিছু মিথ্যে নয় এবং সেই অনুভূতি একেবারেই সত্যি।
ওয়াইল্ড কার্ড এন্ট্রিতেই তোলপাড় বিগ বস হাউস
ওয়াইল্ড কার্ড হিসেবে ‘বিগ বস’ হাউজে পা রেখেই নিজের আসল রূপ দেখাতে শুরু করেছেন অনুষ্কা ঘোষ। সম্প্রতি ঘরের মধ্যে দুর্নিবারের সঙ্গে হাত মিলিয়ে গোটা রান্নাঘর তছনছ করা থেকে শুরু করে চিৎকার-চেঁচামেচি—সব মিলিয়ে ঘরের অভ্যন্তরীণ সমীকরণ এখন পুরোপুরি ওলটপালট।
প্রসঙ্গত, ৩০ আগস্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। এবারের আসরে দুর্নিবার সাহা, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সৃজলা গুহ-সহ একাধিক জনপ্রিয় তারকারা অংশ নিয়েছেন। ইতিমধ্যে ঘর থেকে বিদায় নিয়েছেন জয়িতা চ্যাটার্জি, অ্যালেক্সজান্দ্রা টেলর, সায়ক চক্রবর্তী এবং সোহিনী পাল। ওয়াইল্ড কার্ড হিসেবে রাজবীর দে, জীতু কামালের পাশাপাশি অনুষ্কা ঘোষের এন্ট্রি গেমের গ্রাফ কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।