হাওড়া লাইনে বিরাট ধাক্কা! আগামী ৩ দিনেই বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, পকেটে টান পড়ার আগে লিস্ট দেখে নিন

পুজোর মরশুমের ঠিক প্রাক্কালে যাতায়াতে বড়সড় বিপত্তির মুখে পড়তে চলেছেন রেলযাত্রীরা। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজের জেরে আগামী ৭ দিনের মধ্যে মোট ৩ দিন দফায় দফায় বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যে হাওড়া-বর্ধমান ও ব্যান্ডেল লাইনে মোট ১২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ফলে ওই দিনগুলিতে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।
কোন কোন দিনে এবং কেন এই সিদ্ধান্ত?
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল ও শক্তিগড় স্টেশনের মাঝখানে ওভারহেড তার ও অন্যান্য বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের জরুরি কাজের জন্য ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর, ২ অক্টোবর এবং ৫ অক্টোবর—এই তিন দিন ৯০ মিনিট করে ব্লক রাখা হবে। ওই দিনগুলিতে রাত ২টো ১৫ মিনিট থেকে ভোর ৩টে ৪৫ মিনিট পর্যন্ত এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে।
প্রতিদিন ৪টি করে লোকাল ট্রেন বাতিল থাকায় ৩ দিনে মোট ১২টি লোকাল ট্রেনের পরিষেবা ব্যাহত হবে।
কোন কোন ট্রেনগুলি বাতিল থাকছে?
রক্ষণাবেক্ষণের কাজের জেরে আগামী ৩০ সেপ্টেম্বর, ২ অক্টোবর এবং ৫ অক্টোবর যে সমস্ত ট্রেনগুলি সম্পূর্ণ বাতিল থাকবে, সেগুলির তালিকা নিচে দেওয়া হলো:
৩৭৮১২ বর্ধমান-হাওড়া লোকাল: ভোর ৩টে ৫ মিনিটে বর্ধমান থেকে ছাড়ার কথা থাকলেও এই ট্রেনটি বাতিল থাকবে।
৩৭৭৮৬ বর্ধমান-ব্যান্ডেল লোকাল: ভোর ৩টে ৫ মিনিটে বর্ধমান থেকে ছেড়ে যাওয়া ট্রেনটিও ওই দিনগুলিতে চলবে না।
৩৭৮১১ হাওড়া-বর্ধমান লোকাল: ভোর ৪টে ১৫ মিনিটে ছেড়ে যাওয়া এই ট্রেনটি বাতিল থাকবে।
৩৭৭৮১ ব্যান্ডেল-বর্ধমান লোকাল: ভোর ৩টে ৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ার নির্ধারিত ট্রেনটি বাতিল করা হয়েছে।
বিন্দুবাসিনী হল্ট স্টেশন নিয়ে বিশেষ নির্দেশিকা
শুধু ট্রেন বাতিল হওয়াই নয়, এর পাশাপাশি রেলের তরফে জানানো হয়েছে যে আগামী ৩ অক্টোবর পর্যন্ত বিন্দুবাসিনী হল্ট স্টেশন নিয়ে একটি অস্থায়ী ব্যবস্থা বহাল রাখা হয়েছে। আগামী ৭ দিন অর্থাৎ ৩ অক্টোবর পর্যন্ত ওই স্টেশনে দুটি প্যাসেঞ্জার ট্রেনের অস্থায়ী স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ৫৩৪২২ আজিমগঞ্জ-বারহারওয়া প্যাসেঞ্জার এবং ৫৩৪৩৪ বারহারওয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটি। রেলের এই মেগা ব্লকের ফলে ভোরের দিকে যাতায়াতকারী নিত্যযাত্রীদের বিকল্প পথের সন্ধান করতে হতে পারে। তাই বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের লেটেস্ট টাইম টেবিল দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।