‘লাইফ ইজ গন!’ মাঝরাতে শঙ্কর চক্রবর্তীর ভয়ের পোস্টে তোলপাড় টলিপাড়া, আচমকা কী হল বর্ষীয়ান অভিনেতার?

টলিউড অভিনেতা শঙ্কর চক্রবর্তীকে নিয়ে সম্প্রতি তীব্র উদ্বেগ ছড়িয়েছিল ভক্তমহলে। আচমকাই মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি রহস্যময় পোস্ট দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় টলিপাড়ায়। কী এমন ঘটেছিল বর্ষীয়ান ও জনপ্রিয় এই অভিনেতার জীবনে, তা জানতে মুখিয়ে ছিলেন তাঁর অনুরাগীরা।

ফেসবুক পোস্টে অভিনেতা সরাসরি লিখেছিলেন, ‘নাও আই এম ক্রসিং থ্রু লাইফ ইজ গণ!’ অভিনেতার এই ভয়ের বার্তা ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে না পড়তেই চিন্তায় পড়েন তাঁর সহকর্মী থেকে শুরু করে অজস্র ভক্ত। অনেকেই সঙ্গে সঙ্গে তাঁকে ফোন বা মেসেজ করতে শুরু করেন। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও তৎক্ষণাৎ অভিনেতার খোঁজ নেন। বিশেষ করে স্ত্রীকে হারানোর পর থেকেই অভিনেতা একাকীত্বে ভুগছিলেন, আর কিছুদিন আগেই হাতে কাজ না থাকা নিয়েও আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি। সেই সমস্ত পুরনো প্রসঙ্গ টেনে এনেই অভিনেতার এই পোস্ট ঘিরে জল্পনা বহুগুণ বেড়ে গিয়েছিল।

তবে জল্পনার মেঘ কাটতে বেশি সময় লাগেনি। পরিস্থিতি বুঝতে পেরে খুব শীঘ্রই মুখ খোলেন শঙ্কর চক্রবর্তী। সোশ্যাল মিডিয়াতেই ফের একটি পোস্ট করে তিনি লেখেন, ‘এফবি-র একটা পোস্ট দেখে সবাই ভাবল আমি বোধহয় গন! কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই রাতে আমাকে ফোন করে উদ্বিগ্ন হন। আমি তাঁদের আশ্বস্ত করছি, আমি কোথাও যাইনি, আমি আছি বহাল তবিয়তে। আসলে রাস্তায় যেতে যেতে একটা লেখা দেখে হঠাৎ করে ওটা আমার মনে হয়েছিল। আমি আছি, আমি থাকব যতদিন ঈশ্বর চাইবেন।’

অভিনেতার এই স্পষ্টীকরণের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোটা টলিপাড়া এবং তাঁর অনুরাগীরা। বর্ষীয়ান অভিনেতা যে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন, এই খবর সামনে আসার পরই সকলে হাঁপ ছেড়ে বেঁচেছেন।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *