রঞ্জির আগে বড় ধাক্কা সামলে গুয়াহাটিতে বাংলা দল, ২২ গজে কামব্যাকের পথে কে?

বৃষ্টির জেরে কল্যাণীতে হায়দরাবাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ভেস্তে যাওয়ার পর মরিয়া পদক্ষেপ করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। আগামী ১১ অক্টোবর থেকে রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে অভিযান শুরু করার আগে লাল বলের শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে এবার গুয়াহাটিতে পাড়ি দিচ্ছে বাংলা দল। আগামী ২ থেকে ৫ অক্টোবর অসমের বিরুদ্ধে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সুদীপ চট্টোপাধ্যায়ের দল। সব ঠিকঠাক থাকলে এই ম্যাচেই ২২ গজে বহুচর্চিত প্রত্যাবর্তন ঘটতে চলেছে উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলের।
প্রাক মরশুম প্রস্তুতির জন্য এর আগে পুদুচেরিতে সিয়েচেম ট্রফি খেলে চ্যাম্পিয়ন হয়েছিল লক্ষ্মীরতন শুক্লর বাংলা। কিন্তু রাজ্যে ফেরার পরই নিম্নচাপ ও অবিরাম বৃষ্টির কারণে কল্যাণীতে হায়দরাবাদের বিরুদ্ধে জোড়া প্রস্তুতি ম্যাচ পণ্ড হয়ে যায়। এই পরিস্থিতিতে কোচ লক্ষ্মীরতন শুক্লর পরামর্শেই এমন এক ভেন্যু বেছে নেওয়া হয়েছে যেখানে বৃষ্টির সম্ভাবনা কম। বর্তমানে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ইরানি কাপে অবশিষ্ট ভারতের কোচের দায়িত্ব সামলানোর জন্য শ্রীনগরে রয়েছেন লক্ষ্মীরতন। তাই অসমের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচে বাংলার ডাগআউটে কোচের দায়িত্বে থাকবেন সুরেন্দ্র ভাবে।
সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস এই প্রসঙ্গে জানান, গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের উন্নত পিচে অসমের মূল দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছে বাংলা, যা রঞ্জির আগে দলের আত্মবিশ্বাস বাড়াতে দারুণ সাহায্য করবে। আগামী ৩০ সেপ্টেম্বর কলকাতার পাট চুকিয়ে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে দল।
অসমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের জন্য বাংলার সম্পূর্ণ স্কোয়াড:
সুদীপ চট্টোপাধ্যায় (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, অঙ্কুর পাল, অঙ্কিত শুক্ল, সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গাঁধী (উইকেটকিপার), প্রদীপ্ত প্রামাণিক, করণ লাল, আমির গনি, সৌম্যদীপ মণ্ডল, সূরয সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, গীত পুরি এবং ঈশান পোড়েল।