ভেঙে চুরমার ৪২ বছরের পুরনো রেকর্ড! পিটি ঊষাকে পিছনে ফেলে ইতিহাস গড়লেন ভারতীয় অ্যাথলিট

এশিয়ান গেমসের অ্যাথলেটিক্সে ভারতের জন্য এল এক ঐতিহাসিক সাফল্য। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জপদক জিতলেন বিথ্যা রামরাজ। তবে এই পদক জয় কেবল একটি সাধারণ সাফল্য নয়; বরং এর নেপথ্যে রয়েছে ৪২ বছরের পুরনো এক নজির ভাঙার ইতিহাস।
ভাঙল পিটি ঊষার ৪ দশকের রেকর্ড
১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ‘পায়োলি এক্সপ্রেস’ পিটি ঊষা ৪০০ মিটার হার্ডলসে ৫৫.৪২ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন। গত চার দশকেরও বেশি সময় ধরে সেই রেকর্ড অক্ষত ছিল। কিন্তু সোমবার জাপানের আইচি-নাগোয়ায় সেই দীর্ঘদিনের প্রাচীর ভেঙে ফেললেন ২৬ বছর বয়সি ভারতীয় দৌড়বিদ বিথ্যা রামরাজ। এদিন ব্রোঞ্জ জয়ের পথে তিনি সময় নেন মাত্র ৫৪.৭৫ সেকেন্ড, যা তাঁর কেরিয়ারের সেরা পারফরম্যান্সও বটে। ঐতিহাসিক এই রেকর্ড ভাঙার মুহূর্তটি মাঠে দাঁড়িয়েই উদ্যাপন করেন বিথ্যা, ট্র্যাকেই তাঁর আনন্দের নাচ নজর কাড়ে সবার।
শুভেচ্ছা জানালেন খোদ পিটি ঊষা
চলতি এশিয়াডে এর আগে মেয়েদের ৪x৪০০ মিটার মিক্সড রিলেতেও রুপো জিতেছিলেন বিথ্যা। টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় পদক। এদিকে নিজের রেকর্ড ভেঙে যাওয়ার পর তরুণ অ্যাথলিটকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি অ্যাথলিট তথা ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষা। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। পরবর্তী প্রজন্ম যখন আমাদের গড়া সীমানা পেরিয়ে যায়, তার চেয়ে বড় প্রাপ্তি একজন অ্যাথলিটের আর কিছু হতে পারে না। বিথ্যা আমার ৪৩ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে, এটি সত্যিই অত্যন্ত বিশেষ মুহূর্ত।” সবমিলিয়ে, বিথ্যারে এই অভাবনীয় সাফল্যে গর্বিত গোটা দেশ।