গাড়ির ইনস্যুরেন্সে আসছে বড় বদল! ডিলারের একচ্ছত্র রাজত্ব শেষ, পকেটে টান পড়ার আগেই জেনে নিন নতুন নিয়ম

নতুন গাড়ি বা বাইক কিনতে গেলে শোরুমের ডিলার যে ইনস্যুরেন্স পলিসি ধরিয়ে দেন, সেটাই চোখ বুজে নিতে হয় বহু গ্রাহককে। ফলে বিভিন্ন সংস্থার পলিসি ও প্রিমিয়ামের তুলনা করার সুযোগ থাকে না বললেই চলে। তবে এবার গাড়িচালকদের জন্য বিরাট স্বস্তির খবর নিয়ে এল ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI)। বিমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা মোটর ইনস্যুরেন্সের বিক্রি, কমিশন এবং ডিলারদের একচ্ছত্র আধিপত্য কমাতে একগুচ্ছ নতুন পরিবর্তনের প্রস্তাব এনেছে।

ডিলারের বাইরে ইনস্যুরেন্স কেনার সুযোগ

আইআরডিএআই-এর প্রকাশিত ‘Recalibrating Economics of Insurance Distribution’ শীর্ষক কনসালটেশন পেপারে বলা হয়েছে, এই প্রস্তাবগুলি চূড়ান্তভাবে কার্যকর হলে গ্রাহককে আর শুধু গাড়ির ডিলারের ওপর নির্ভর করে ইনস্যুরেন্স কিনতে হবে না। নতুন ও পুরনো গাড়ির ইনস্যুরেন্স পলিসি মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশন (MII) বা ‘বিমা সুগম’-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বেছে নেওয়ার সুযোগ মিলবে। ফলে গ্রাহকরা নিজেদের পছন্দ ও বাজেট অনুযায়ী বিভিন্ন সংস্থার পলিসির তুলনা করে সেরা বিমাটি বেছে নিতে পারবেন।

পাশাপাশি, নতুন নিয়ম চালু হলে ডিলারদেরও গ্রাহককে বিকল্প ইনস্যুরেন্স কেনার পথ সম্পর্কে জানাতে হবে এবং এমআইআই প্ল্যাটফর্মের অপশন ও কিউআর কোড স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।

ক্যাশলেস রিপেয়ার নিয়ে বড় নিয়ম

এই প্রস্তাবের অন্যতম আকর্ষণীয় দিক হলো ক্যাশলেস রিপেয়ার বা নগদহীন গাড়ি সারাইয়ের সুবিধা। এতদিন অনেকের মনেই প্রশ্ন থাকত যে, ডিলারের কাছ থেকে ইনস্যুরেন্স না করালে কি ক্যাশলেস সুবিধা পাওয়া যাবে না? নতুন প্রস্তাব অনুযায়ী, কোনো গ্রাহক যদি অন্য কোনো সংস্থা থেকে ইনস্যুরেন্স কেনেন, তবে শুধুমাত্র সেই কারণে ডিলার ক্যাশলেস রিপেয়ারের সুবিধা অস্বীকার করতে পারবেন না। পলিসিতে এই সুবিধা থাকলে তা বহাল রাখতে হবে।

এছাড়া মোটর ইনস্যুরেন্সে অতিরিক্ত কমিশন এবং ডিলারদের চড়া ইনসেন্টিভের ওপরও লাগাম টানার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে গাড়ি বিক্রির সঙ্গে যুক্ত বিভিন্ন চ্যানেল থেকে বেশ চড়া হারে কমিশন নেওয়া হয়, যার প্রভাব পড়ে সাধারণ গ্রাহকের পকেটে। থার্ড-পার্টি ইনস্যুরেন্সের মতো সহজ পলিসির ক্ষেত্রে কম কমিশন রাখারও প্রস্তাব রয়েছে।

এখনই কি নিয়ম বদলাচ্ছে?

গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সমস্ত পদক্ষেপগুলি বর্তমানে শুধুমাত্র ‘কনসালটেশন পেপার’-এর স্তরেই রয়েছে। অর্থাৎ এগুলি এখনও চূড়ান্ত নিয়ম হিসেবে কার্যকর হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলির কাছ থেকে মতামত নেওয়ার প্রক্রিয়া আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে। এর পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই প্রস্তাবগুলি বাস্তবে রূপ নিলে আগামী দিনে গাড়ি কেনার অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে যাবে এবং গ্রাহকরা নিজেদের পছন্দমতো কম খরচে ইনস্যুরেন্স বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *