‘সবাই কি তোমার মতো প্রেম করতে এসেছে বাবু?’ নন্দিনীকে মুখের ওপর চরম আক্রমণ অনুষ্কার, কাঁপছে বিগ বস হাউজ

বিগ বস বাংলার ঘরের পারদ এখন একেবারে চড়মে। উইকেন্ডের বিশেষ পর্বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘দাদার দরবার’-এ এ সপ্তাহে ঘরের দরজা বন্ধ হয়ে গেল প্রয়াত তাপস পাল কন্যা সোহিনী পালের জন্য। দর্শকদের ভোটের ভিত্তিতে নির্ধারিত নিয়মে এ সপ্তাহে তাঁকে দুর্গ ছেড়ে বেরিয়ে যেতে হয়। সঞ্চালক সৌরভ যখন তাঁকে ঘর ছাড়ার নির্দেশ দেন, তখন আবেগপ্রবণ হয়ে পড়েন তনুশ্রী ও ঝিলমরা। সোহিনীকে স্নেহের সুরে জড়িয়ে ধরে সৌরভ বলেন, “তোমাকে আমি অনেক ছোট থেকে দেখেছি। আমার সন্তানসম। তুমি আমার খুব কাছের।”

তবে সোহিনীর বিদায়ের রেশ কাটতে না কাটতেই বিগ বসের ঘরে ঘটে যায় বড় টুইস্ট। ম্যাজিকের মতো পুরো আবহাওয়া বদলে দিয়ে ঘরে প্রবেশ করেন স্পিটসভিলা খ্যাত মডেল অনুষ্কা ঘোষ। এসেই তিনি সমস্ত প্রতিযোগীকে এক জায়গায় ডেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, কার বিরুদ্ধে দর্শকরা কী ভাবছেন এবং কার কোথায় ভুল হচ্ছে, তা তিনি মুখের ওপর বলবেন।

বিশেষ করে শুরুতেই নন্দিনীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অনুষ্কা। জিতুকে ‘দাদা’ বলে সম্বোধন করায় নন্দিনী যখন খোঁচা দেন, তখন অনুষ্কা পাল্টা আক্রমণ করে বলেন, “সবাই কি তোমার মতো প্রেম করতে এসেছে বাবু?” দুর্নিবার, ভরত কল থেকে শুরু করে দীপেন্দু—প্রত্যেকেরই ভালো-মন্দ দিকগুলো নিয়ে খোলামেলা মন্তব্য করতে দেখা যায় তাঁকে।

পাশাপাশি, সৃজলার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়েও নন্দিনীকে সরাসরি কাঠগড়ায় তোলেন অনুষ্কা। তাঁর স্পষ্ট কথা, খেলায় ভুল হতেই পারে, কিন্তু নিজের দোষ স্বীকার করার কোনো মানসিকতা নন্দিনীর নেই এবং এই ঘটনায় তাঁর বিন্দুমাত্র অনুশোচনাও হয়নি। অন্যদিকে, রাজবীর ভালো খেললেও তাঁর বর্তমান অবস্থান নিয়ে কড়া বার্তা দেন অনুষ্কা। রাজবীরকে একান্তে ডেকে তিনি সাফ জানিয়ে দেন, নন্দিনীর সান্নিধ্যের কারণে তাঁর নিজের খেলা নষ্ট হচ্ছে এবং বাইরের দর্শকরাও এতে বিরক্ত। সব মিলিয়ে, ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে এসেই অনুষ্কা যে বিগ বসের ঘরে মারাত্মক উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন, তা বলাই বাহুল্য।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *