১ সপ্তাহে ৪ শনিবারে ছুটি? ধর্মঘট হঠাতই স্থগিতের ঘোষণায় বড় স্বস্তি ব্যাঙ্ক গ্রাহকদের!

সোমবার থেকে শুরু হতে চলা দেশব্যাপী তিন দিনের ব্যাংক ধর্মঘট শেষ মুহূর্তে স্থগিত করা হলো। রবিবার রাত সাড়ে ন’টায় ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন (IBA) এবং ইউনাইটেড ফেডারেশন অফ ব্যাঙ্ক ইউনিয়নের (UFBU) মধ্যে দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আপাতত বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেল ব্যাংকিং পরিষেবা।

সপ্তাহে ৫ দিন কাজের দাবি এবং প্রতি মাসের সব শনিবার ছুটির দাবিতে দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ও আঞ্চলিক গ্রামীণ ব্যাংকের কর্মীরা ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছিলেন। কিন্তু ২৭ সেপ্টেম্বর রাতের বৈঠকে আইবিএ (IBA)-র পক্ষ থেকে জানানো হয়, প্রতি মাসে আরও দুটি শনিবার ছুটি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে শীঘ্রই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। এই আশ্বাসের পরই ধর্মঘট স্থগিতের ঘোষণা করে ইউনিয়নগুলি।

পাশাপাশি, পারফরম্যান্স-লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিম এবং স্কেল ৪-এর উপরের অফিসারদের ইনসেনটিভের পরিমাণ বৃদ্ধি নিয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। অর্থ মন্ত্রক ইতিমধ্যেই এই স্কিমটি আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছে। তবে ব্যাংকগুলির গুরুত্বপূর্ণ অর্ধবার্ষিক হিসাব বন্ধের ঠিক মুখে এই ধর্মঘট এড়ানো যাওয়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বড় ধরনের স্বস্তি পেয়েছেন। তবে কমিটি গঠনের পর চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, এখন সেদিকেই তাকিয়ে ব্যাংক কর্মী থেকে শুরু করে গ্রাহকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *