বাড়ি তালাবন্ধ, বাগানের মাটিতে হাত! জয়পুরে গর্ভবতী নারীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য!

রাজস্থানের রাজধানী জয়পুরের বিন্দায়াকা এলাকায় এক গর্ভবতী মহিলাকে নৃশংসভাবে খুন করে বাড়ির বাগানে মাটিচাপা দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। এই লোমহর্ষক হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী বাড়ি তালাবন্ধ করে পালিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়িটি বন্ধ থাকায় এবং দুর্গন্ধ ছড়ানোর পর বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ এসে মাটি খুঁড়ে সেই নারীর মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের বাসিন্দা প্রবেশ (৩৫) বিন্দায়াকা এলাকার প্রেস্টেজ কলোনিতে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। গত দুই মাস ধরে কিরণ (৩২) নামের এক নারীকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে ওই বাড়িতে বসবাস করছিলেন তিনি। কিরণ প্রায় ছয় মাসের গর্ভবতী ছিলেন। রবিবার সকালে বাড়ির মালিক রক্ষণাবেক্ষণেরকাজে ওই বাড়িতে আসেন। বাড়িটি তালাবদ্ধ দেখে তাঁর সন্দেহ হয় এবং প্রতিবেশীদের কাছে খোঁজ নেন। এরপরেই তিনি বাগানের মাটি অসমান দেখতে পান। মাটি সরাতেই মাটির নিচ থেকে এক নারীর হাত বেরিয়ে আসতে দেখেন তিনি।

খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় বিন্দায়াকা থানার পুলিশ। ফরেনসিক ল্যাবরেটরি (এফএসএল) দলের সহায়তায় ঘটনাস্থল থেকে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করা হয়। এরপর গর্ত খুঁড়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কানওয়াটিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় তিন দিন আগে রাতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। প্রমাণ লোপাট করতে গভীর রাতে গর্ত খুঁড়ে লাশ পুঁতে দেয় অভিযুক্ত প্রবেশ। এমনকি লাশ পচাতে সাহায্য করার জন্য মরদেহের ওপর লবণও ছড়িয়ে দেওয়া হয়েছিল। এরপর এক ঠিকাদারের কাছ থেকে টাকা ধার নিয়ে ভোরে বাড়ি ছেড়ে চম্পট দেয় সে। বর্তমানে পুলিশ নিহতের পরিবারিক পরিচয় নিশ্চিত করার পাশাপাশি পলাতক অভিযুক্তকে গ্রেফতারে একাধিক টিম গঠন করে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *