এশিয়ান গেমসে নামছে টিম ইন্ডিয়া! কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে? রইল বড় আপডেট

এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটে চূড়ান্ত হয়ে গেল কোয়ার্টার ফাইনালের সম্পূর্ণ লাইনআপ। বর্তমান চ্যাম্পিয়ন ভারত আগামী সোমবার তাদের প্রথম নকআউট ম্যাচে মাঠে নামছে। শেষ আটের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আফগানিস্তান।
শনিবার ‘গ্রুপ এ’-তে নেপাল এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায়। ম্যাচটি ভেস্তে যাওয়ায় গ্রুপ রানার্স হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করে নেয় আফগানরা। অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন নেপাল শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। র্যাঙ্কিংয়ের বিচারে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল।
এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে কেবল ভারত এবং বাংলাদেশ তাদের মূল শক্তি নিয়ে দল গঠন করেছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে মাঠে নামছে শক্তিশালী ভারতীয় দল। স্কোয়াডে রয়েছেন সঞ্জু স্যামসন, যশপ্রীত বুমরা, অভিষেক শর্মা, সহ-অধিনায়ক তিলক ভার্মা, ঈশান কিষাণ এবং আইপিএলের তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশীর মতো পরিচিত মুখরা। গত এশিয়ান গেমসে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে সোনা জিতেছিল ভারত। এবারও সেই সোনা ধরে রাখার সুবর্ণ সুযোগ রয়েছে দলের সামনে। অন্যদিকে, সাহেবজাদা ফারহানের নেতৃত্বাধীন পাকিস্তান দলে বাবর আজম বা শাহিন আফ্রিদির মতো সিনিয়র তারকারা নেই।
কোয়ার্টার ফাইনাল ও পরবর্তী সূচি (ভারতীয় সময় অনুযায়ী):
-
পাকিস্তান বনাম প্রতিপক্ষ: ২৮ সেপ্টেম্বর, সোমবার (সকাল ৫:৩০)
-
ভারত বনাম আফগানিস্তান: ২৮ সেপ্টেম্বর, সোমবার (সকাল ১০:০০)
-
শ্রীলঙ্কা বনাম নেপাল: ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার (সকাল ৫:৩০)
-
বাংলাদেশ বনাম প্রতিপক্ষ: ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার (সকাল ১০:০০)
টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আগামী ১ অক্টোবর। এরপর ৩ অক্টোবর শনিবার সোনা ও ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবে ফাইনালিস্টরা। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ভারত ও পাকিস্তান কেবল ফাইনাল বা ব্রোঞ্জ পদকের ম্যাচেই একে অপরের মুখোমুখি হতে পারবে।