এক লিটার পেট্রোলের দাম ৪০০ টাকা! দেউলিয়াত্বের কিনারায় দাঁড়িয়ে থাকা পাকিস্তানে হঠাৎ কেন এই ভয়াবহ পরিস্থিতি?

পাকিস্তানে সাধারণ মানুষের কাছে এক লিটার পেট্রোল কেনা এখন রীতিমতো বিলাসিতা। সেখানে জ্বালানির দাম প্রায় ৪০০ টাকা ছুঁয়েছে। এই খবর ছড়াতেই পাকিস্তান সরকারিভাবে দেউলিয়া হয়ে গেল কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সরকারিভাবে দেশটিকে দেউলিয়া ঘোষণা না করা হলেও, পাকিস্তানের অর্থনীতি যে বর্তমানে খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, তা বলাই বাহুল্য।

বর্তমানে পাকিস্তানে পেট্রোলের দাম লিটার প্রতি ৩৮৯ টাকা থেকে ৩৯৩ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। আর হাইস্পিড ডিজেলের দাম একলাফে ৪২২ টাকা পার করে গেছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানে পেট্রোলের দাম আকাশছোঁয়া হওয়ার পেছনে প্রধানত পাঁচটি বড় কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের সংকট, বৈদেশিক মুদ্রার মারাত্মক আকাল, সরকারের চড়া ট্যাক্স ও লেভি, ৮০ ট্রিলিয়নেরও বেশি টাকার ঋণের পাহাড় এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) কঠোর শর্তের বেড়াজাল।

খাতায়-কলমে পাকিস্তান এখনও ‘সভরেন ডিফল্ট’ বা দেউলিয়া ঘোষিত না হলেও, সাধারণ মানুষের কাছে বর্তমান পরিস্থিতি তার চেয়ে কোনো অংশে কম নয়। আইএমএফ-এর শর্ত মেনে পেট্রোল ও বিদ্যুতের ওপর ক্রমাগত ট্যাক্স বাড়ানোয় জিনিসপত্রের দাম বহুগুণ বেড়ে গেছে। পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট হচ্ছে আমজনতা। বিশাল ঋণের বোঝা এবং ডলারের আকাল সামলে প্রতিবেশী দেশ এই গভীর সংকট কাটিয়ে কীভাবে ঘুরে দাঁড়ায়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *