এমবিবিএস রেজিস্ট্রেশন থেকে ডিগ্রি— সব তথ্য যাচাই! ভুয়া ডাক্তার খতম করতে কড়া নির্দেশিকা কাউন্সিলের

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় জেঁকে বসা ভুয়ো চিকিৎসকদের চিহ্নিত করতে এবার আরও কঠোর পদক্ষেপের পথে হাঁটল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। গত ১৭ বছরের ডাক্তারদের মেডিক্যাল রেজিস্ট্রেশন তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে একটি বিশেষ অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে নথিভুক্ত চিকিৎসকদের সমস্ত তথ্য চেয়ে ‘ইনোভা ইউনিফায়েড ম্যানেজমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’-কে একটি নির্দেশিকা পাঠিয়েছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল।

মেডিক্যাল কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকেই এই রেজিস্ট্রেশন অডিটের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ১৭ বছরের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে কোনওরকম অসঙ্গতি বা জালিয়াতির ঘটনা সামনে আসে কি না, তা গভীরভাবে যাচাই করা হবে। যদি তদন্তে কোনও ভুয়ো চিকিৎসকের সন্ধান মেলে, তবে তাঁর এমবিবিএস রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে বাতিলের পাশাপাশি পুলিশের কাছে এফআইআর দায়ের করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বরের চিঠিতে কাউন্সিল সংশ্লিষ্ট সংস্থাকে সমস্ত তথ্য ‘এক্সেল’ (Excel) ফরম্যাটে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে। এই তালিকার মধ্যে চিকিৎসকের নাম, রেজিস্ট্রেশন নম্বর, বাবার নাম, লিঙ্গ, বর্তমান ঠিকানা, প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা এবং এমবিবিএস ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের স্পষ্ট নাম উল্লেখ করতে বলা হয়েছে। শুধু তাই নয়, চিকিৎসকদের যদি কোনও অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা বা ডিগ্রি থাকে, তবে সেই সংক্রান্ত তথ্য এবং ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানের নামও এই অডিটের আওতায় রাখা হয়েছে। মূলত চিকিৎসকদের আসল যোগ্যতা ও রেজিস্ট্রেশনের তথ্যের মধ্যে কোনো গরমিল বা অসঙ্গতি রয়েছে কি না, তা চিহ্নিত করাই এই ব্যাপক অডিটের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *