“দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না!” চায়ে পে চর্চায় বসে বিস্ফোরক বার্তা দিলীপের, নিশানায় কংগ্রেসের যুবরাজ

মন্ত্রী পদ গ্রহণের পর এই প্রথম উত্তরবঙ্গের কোচবিহারে পা রাখলেন দিলীপ ঘোষ। আর প্রথম সফরেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণাত্মক মেজাজে পাওয়া গেল বিজেপি নেতা তথা প্রভাবশালী মন্ত্রীকে। রোববার সকালে সাগরদিঘির পারে আয়োজিত বহুল চর্চিত ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিয়ে একদিকে পঞ্চায়েতের স্বচ্ছতা ও অডিট নিয়ে কড়া হুঙ্কার দেন, অন্যদিকে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকেও দিলেন চাঞ্চল্যকর পরামর্শ।

সাগরদিঘির পাড়ে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে চা খেতে খেতে একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক বিষয়ে মুখ খোলেন দিলীপ ঘোষ। পঞ্চায়েতের কার্যকারিতা এবং প্রশাসনিক দুর্নীতি প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট বার্তা দেন, দুর্নীতির প্রশ্নে রাজ্য সরকার কোনো আপস করবে না। পঞ্চায়েতের অডিট ও প্রশাসনিক বৈঠক নিয়ে নিজের কড়া মনোভাব ব্যক্ত করে তিনি সাফ বলেন, “দুর্নীতি করলে কাউকেই বরদাস্ত করা হবে না। বেআইনি কাজ করলে পার পাওয়ার কোনো সুযোগ নেই, অপরাধী যেই হোক না কেন তাকে সাজা পেতেই হবে।”

এখানেই না থেমে জাতীয় রাজনীতির প্রসঙ্গ তুলে রাহুল গান্ধীকেও তিনি বিশেষ বার্তা দেন। উপনির্বাচন ও বর্তমান রাজনৈতিক ডামাডোলের আবহ তুলে ধরে তিনি খোঁচা দিয়ে বলেন, রাহুল গান্ধীর এবার সরাসরি মাঠে নেমে প্রচার করা উচিত এবং রাজনীতিটা বাস্তবসম্মতভাবে শেখা দরকার।

মন্ত্রী হিসেবে দিলীপ ঘোষের প্রথম কোচবিহার সফর ঘিরে দলীয় কর্মী ও স্থানীয়দের মধ্যে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা যায়। পঞ্চায়েতের দুর্নীতি দমনে তাঁর এই কড়া দাওয়াই এবং বিরোধী শিবিরের প্রতি চোখরাঙানি উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন আলোড়ন তৈরি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *