রবিবার সকালে দক্ষিণ কলকাতায় তুমুল হুলস্থুল! প্রাক্তন বিধায়কের বাড়িতে হামলা, রাজপথে নামল ‘মমতা তৃণমূল’

রবিবার সকালে দক্ষিণ কলকাতার রাজনীতিতে চরম উত্তেজনা। তৃণমূলের প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়িতে আচমকা হামলার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিজয়গড় ও বাঘাযতীন এলাকা। হামলার প্রতিবাদে একযোগে পথে নামেন তৃণমূল সমর্থকেরা।
স্থানীয় সূত্রে খবর, বিজয়গড়ে অবস্থিত প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাসভবনে দুষ্কৃতীরা আক্রমণ চালায়। ঘটনার খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিজয়গড় থেকে বাঘাযতীন পর্যন্ত একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করে ‘মমতা তৃণমূল’।
রাজনৈতিক এই উত্তাপের মধ্যেই বিজয়গড়ে হাতছাড়া হয়ে যাওয়া দলীয় পার্টি অফিসও পুর্নরুদ্ধার করেছে তৃণমূল কর্মী-সমর্থকেরা। এলাকাটিতে বর্তমানে কড়া পুলিশি নজরদারি রয়েছে এবং নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।