বিজেপি নেতার সামনে আসতেই লটকম্প! রাজনৈতিক কাণ্ডজ্ঞান নিয়ে বিস্ফোরক সোচ্চার সৌমিক

এলাকার রাজনীতির অন্দরে নতুন করে চাঞ্চল্য ও চর্চা শুরু হয়েছে। এবার নিজ দলের ভাবমূর্তি এবং পুরনো রাজনৈতিক সমীকরণ নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা সৌমিক রাহা। তাঁর সরাসরি দাবি, অতীতে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারকারী এবং অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকা কিছু সুযোগসন্ধানী ব্যক্তি এখন নিজেদের পরিচয় বদলে বিজেপির শীর্ষ নেতৃত্ব ও প্রভাবশালী নেতাদের কাছে ঘেঁষার চেষ্টা করছে।

সৌমিক রাহার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অলিন্দে। এলাকায় দলীয় শৃঙ্খলা ও নতুন করে দলবদলুদের আগমন নিয়ে বড় সড় প্রশ্ন চিহ্ন উঠে এসেছে।

উদ্দেশ্য নিয়ে প্রকাশ্যে প্রশ্ন

সৌমিক রাহা স্পষ্ট অভিযোগ করেন, যাঁরা একসময় এলাকায় নিজেদের আধিপত্য কায়েম রাখতে সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার করেছিলেন, তাঁরাই এখন নিজেদের ‘রাজনীতি নিরপেক্ষ’ কিংবা ‘নতুন সমর্থক’ সাজিয়ে দলের ভেতরে ঢোকার পথ খুঁজছেন। এই ধরণের ব্যক্তিদের আসল রাজনৈতিক ভূমিকা ও উদ্দেশ্য ঠিক কী, তা নিয়ে খোলাখুলি প্রশ্ন তুলেছেন তিনি।

সৌমিকের কথায়, “যাঁরা একসময় এলাকার পরিবেশ নষ্ট করেছেন, হঠাৎ করে রাতারাতি নতুন পরিচয় নিয়ে বিজেপির নেতাদের পাশে ঘুর ঘুর করার চেষ্টা করছেন। এদের দলীয় স্বার্থে নয়, নিজেদের আখের গুছতেই এই প্রচেষ্টা।”

দলীয় অন্দরে চড়ছে পারদ

সৌমিকের এই বক্তব্য কেবল বিরোধী শিবিরের নজর কাড়েনি, বরং বিজেপির নিজস্ব কর্মী ও সমর্থকদের মধ্যেও জোর গুঞ্জন শুরু করেছে। এলাকাভিত্তিক যেসব পুরাতন ও নিবেদিতপ্রাণ কর্মীরা দীর্ঘদিন ধরে দলের জন্য লড়াই করছেন, তাঁদের পাশ কাটিয়ে এই ধরণের ‘গিরগিটির মতো রূপ বদলানো’ ব্যক্তিদের গুরুত্ব দেওয়ার চক্রান্ত সফল হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন অনেকে।

ভোটাভুটির আগে রাজনৈতিক সমীকরণ যখন অত্যন্ত সংবেদনশীল, ঠিক সেই মুহূর্তে সৌমিক রাহার এই ধরণের প্রকাশ্য সোচ্চার হওয়া দলকে নতুন কোনো অস্বস্তিতে ফেলল কি না, তা নিয়েই এখন জোর জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *