১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট নিয়ে বড় সিদ্ধান্ত! বাবা-মায়েদের জন্য বিরাট ফিচার আনল মেটা

সোশাল মিডিয়ায় সন্তান কী কী করছে, জানতে পারবেন অভিভাবকরা! থ্রেডসে নতুন ফিচার আনল Meta
আপনার সন্তানের বয়স কি ১৬ বছর বা তার নিচে? তাহলে এবার থেকে তার সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর কড়া নজরদারি চালাতে পারবেন অভিভাবকরাই। বিশ্বখ্যাত সোশ্যাল মিডিয়া সংস্থা মেটা (Meta) তাদের টেক্সট-ভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘থ্রেডস’-এ (Threads) একটি নতুন প্যারেন্টাল সুপারভিশন বা অভিভাবক নিয়ন্ত্রণ ফিচার চালু করেছে। মূলত অপ্রাপ্তবয়স্কদের ইন্টারনেট নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই বড় পদক্ষেপ করা হয়েছে এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি রোল-আউট করা শুরু হয়েছে।
কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?
মেটার ঘোষণা অনুযায়ী, ১৬ বছরের কম বয়সীদের সমস্ত টিন (Teen) অ্যাকাউন্ট এখন অভিভাবকদের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা সম্ভব হবে। এর ফলে অভিভাবকরা ঘরে বসেই সন্তানের সোশ্যাল মিডিয়া ফিড, প্রাইভেসি সেটিংস এবং কন্টেন্ট প্রেফারেন্সের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন। সন্তান প্রতিদিন ঠিক কতক্ষণ থ্রেডস অ্যাপ ব্যবহার করছে, সেই স্ক্রিন টাইম ট্র্যাক করার পাশাপাশি স্লিপ মোডও অ্যাডজাস্ট করতে পারবেন অভিভাবকরা। বিশেষ করে রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত নোটিফিকেশন মিউট রাখা এবং অটো রিপ্লাইয়ের মতো জরুরি ফিচারগুলিও এর মাধ্যমে পরিচালনা করা যাবে।
মেটার তরফে জানানো হয়েছে, নাবালক ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই প্রাইভেট অ্যাকাউন্টের ক্ষেত্রেও এই বিল্ট-ইন প্রটেকশন সিস্টেমটি কাজ করবে। যাঁরা ইতিমধ্যে এই আপডেট পেয়ে গিয়েছেন, তাঁরা এখনই এর সুফল ভোগ করতে পারবেন। আর যাঁদের অ্যাকাউন্টে এটি এখনও আসেনি, তাঁরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই নতুন সুরক্ষাকবচের সুবিধা পেয়ে যাবেন। আগামী দিনে এই টুলটিতে আরও উন্নত ফিচার যুক্ত করা হতে পারে বলেও জানিয়েছে সংস্থা।