৭৬তম জন্মদিনে অভিনব সম্মান! সিদ্ধিদাতার মণ্ডপে প্রধানমন্ত্রীকে ফুটিয়ে তুলতেই হু হু করে ভাইরাল ভিডিয়ো

দেশজুড়ে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালিত হচ্ছে, ঠিক তখনই বেলুড় বাজারের এক গণেশ পুজোয় দেখা গেল এক অভিনব ও তাক লাগানো দৃশ্য। শিবচন্দ্র চ্যাটার্জি স্ট্রিটের একটি স্থানীয় গণেশ পুজো মণ্ডপে সিদ্ধিদাতা গণেশের ঠিক পাশেই বসানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মূর্তি। আর সবথেকে বড় আকর্ষণ হলো, গণেশ এবং মোদি—উভয়েরই হাতের ভঙ্গিমায় রয়েছে চায়ের কাপ। এই পুরো থিমটির নামকরণ করা হয়েছে ‘চায়ে-পে-চর্চা’।

গত ১৫ বছর ধরে এই এলাকায় গণেশ পুজোর আয়োজন করে আসছেন স্থানীয় ব্যবসায়ী তথা সমাজসেবী খোকন খাঁড়া। তবে এবারের পুজোর থিম ও সাজসজ্জা সম্পূর্ণ আলাদা মাত্রা যোগ করেছে। মণ্ডপের পিছনের অংশে ফুটিয়ে তোলা হয়েছে ‘হিন্দু রাষ্ট্র’ লেখা সম্বলিত ব্যানার, ভারতের মানচিত্র এবং গেরুয়া হিন্দু পতাকার প্রতিরূপ। ধর্মীয় ভাবনার পাশাপাশি এমন একটি রাজনৈতিক ও জাতীয়তাবাদী ভাবাবেগের মিশ্রণ দেখতেই মণ্ডপে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।

বিশেষ করে গণেশের মূর্তির ঠিক পাশেই মোদির এই রূপ এবং দুই হাতের চায়ের কাপের নিখুঁত উপস্থাপনা উপস্থিত দর্শনার্থীদের নজর কেড়েছে। অনেকেই পকেট থেকে মোবাইল বের করে সেই মুহূর্ত ফ্রেমবন্দী করছেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। স্থানীয় পুজো হলেও এই অদ্ভুত ও অভিনব থিম ঘিরে এখন চর্চা চলছে রাজ্যজুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *