পুজোর আগেই বড়সড় বিপাক! দক্ষিণ কলকাতার নামী রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে তল্লাশিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

দুর্গাপুজোর ঠিক প্রাক্কালে সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে দক্ষিণ কলকাতার একাধিক নামী রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে হঠাৎ ঝটিকা তল্লাশি চালালেন কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। আর সেই অভিযানেই উঠে এল চরম চাঞ্চল্যকর ও উদ্বেগজনক সব তথ্য। নামী-দামি প্রতিষ্ঠানে পচা খাবার, মেয়াদোত্তীর্ণ সামগ্রী এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখে চোখ কপালে উঠেছে খোদ তদন্তকারীদেরও।
খাদ্য সুরক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার জনপ্রিয় মিষ্টির দোকান গাঙ্গুরামের একটি নিমকির প্যাকেটের ভেতর থেকে মরা পালক উদ্ধার হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে দোকানের এক দায়িত্বপ্রাপ্ত কর্তা ভুল স্বীকার করে নেন। অন্যদিকে, জনপ্রিয় বিরিয়ানির দোকান আমিনিয়ায় ফ্রিজ থেকে মেয়াদোত্তীর্ণ ফিরনি ও সস বের করে সোজা ফেলে দেওয়া হয়। গোলপার্কের একটি নামী রেস্তোরাঁর ফ্রিজে জমিয়ে রাখা কাবাব ও মোমোর পাশাপাশি দুধের প্যাকেট থেকে মরা আরশোলা উদ্ধার হয়েছে। এমনকি জিষান নামের অপর এক রেস্তোরাঁ থেকেও মেয়াদ ও উৎপাদনের তারিখহীন চিংড়ি মাছ, চাউমিনসহ বিভিন্ন খাবার নষ্ট করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে খাদ্য সুরক্ষা দফতর প্রায় ৪০টি দোকানের লাইসেন্স বাতিল করেছিল। পুজোর বাজার চওড়া হওয়ার আগেই শহরের নামী হোটেল ও রেস্তোরাঁগুলিতে এ ধরনের ভেজাল এবং পচা খাবারের রমরমা কারবার সামনে আসায় জনমানসে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে।