হাসপাতালেই থাকছেন, সিবিআই দফতরে যাওয়াই বন্ধ! জামিন পেতেই পার্থের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তদন্তকারীদের

জামিনের শর্ত লঙ্ঘন করে তদন্তকারী সংস্থার মুখোমুখি হওয়া এড়িয়ে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিশেষ সিবিআই আদালতে এমনই বিস্ফোরক অভিযোগ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আদালতের নির্দেশ অনুযায়ী, জামিনের পর নির্দিষ্ট শর্ত মেনে সপ্তাহে একদিন সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি তা মানছেন না বলেই অভিযোগ তুলেছে সিবিআই।

২০২২ সালের জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে ইডি এবং পরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর দীর্ঘ প্রায় তিন বছর জেলবন্দি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে বিশেষ সিবিআই আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। কিন্তু জামিন পাওয়ার পর থেকেই তিনি নিয়মিত হাজিরা দিচ্ছেন না বলে দাবি সিবিআইয়ের।

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর সাফাই, শারীরিক অসুস্থতার কারণেই তিনি নিয়মিত যাতায়াত করতে পারছেন না এবং মাঝেমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। এর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ই-মেইলের মাধ্যমে সিবিআইকে জানানো হয়েছিল এবং তিনি হাসপাতাল থেকে ভার্চুয়ালিও হাজিরা দিয়েছেন বলে দাবি করেছেন তাঁর আইনজীবী। তবে পার্থর এই ভার্চুয়াল হাজিরা বা শারীরিক অসুস্থতার যুক্তির তীব্র বিরোধিতা করেছে সিবিআই। দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *