ইউপিআই লেনদেনে বড় ধাক্কা! ২ হাজার টাকার বেশি পেমেন্টে কি এবার থেকে অতিরিক্ত চার্জ দিতে হবে?

দীর্ঘদিন ধরে চলে আসা জিরো-এমডিআর (Zero-MDR) ব্যবস্থার অবসান ঘটিয়ে ডিজিটাল মার্চেন্ট পেমেন্টের নতুন কাঠামো ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সরকারের তরፍ থেকে জানানো হয়েছে, এবার থেকে ২ হাজার টাকার বেশি ইউপিআই (UPI) লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য ০.৪ শতাংশ ফি ধার্য করা হলো। তবে ৭৫ হাজার বা তার বেশি টাকার বড় পেমেন্টের ক্ষেত্রে এই ফি সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে।
কোন ক্ষেত্রে কী নিয়ম কার্যকর হচ্ছে?
২০২০ সালের জানুয়ারি মাস থেকে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করে তোলার জন্য ইউপিআই পেমেন্টে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হতো না। ব্যাংক ও ফিনটেক সংস্থাগুলি দীর্ঘদিন ধরে এই ব্যবস্থাটিকে টেকসই নয় বলে সমালোচনা করে আসছে। নতুন এই নির্দেশিকা অনুযায়ী—
-
রেলপথ, টেলিকম এবং জ্বালানির মতো আবশ্যিক ক্ষেত্রগুলিতে প্রতি লেনদেনে ফ্ল্যাট ৫ টাকা ফি ধার্য করা হয়েছে।
-
মূলধনী বাজার বা ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে এই হার অত্যন্ত কম রেখে মাত্র ০.০২ শতাংশ করা হয়েছে।
-
তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বড় স্বস্তি দেওয়া হয়েছে ছোট ব্যবসায়ীদের। যেসব ক্ষুদ্র ব্যবসায়ী ইউপিআই কিউআর কোডের মাধ্যমে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন, তাঁদের সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে। সরকারের দাবি, এর ফলে দেশের প্রায় ৯৬ শতাংশ মার্চেন্ট লেনদেন নতুন এই চার্জের আওতার বাইরে থাকবে।
গ্রাহকদের পকেটে কি কোনো প্রভাব পড়বে?
নতুন এই নিয়ম নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে, এর ফলে পেমেন্ট করার সময় সাধারণ গ্রাহকদের অতিরিক্ত টাকা দিতে হবে কিনা। সরকারের স্পষ্ট নির্দেশ রয়েছে, অ্যাপ প্রদানকারী সংস্থাগুলি কোনো ধরনের প্ল্যাটফর্ম ফি যোগ করতে পারবে না। পাশাপাশি ব্যাংকগুলিকেও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে ব্যবসায়ীরা এমডিআর (MDR)-এর এই খরচ কোনোভাবেই সাধারণ গ্রাহকদের ওপর চাপাতে না পারেন। এছাড়া পিটুপি (P2P) বা সাধারণ মানুষে-মানুষে যে লেনদেন হয় (যা মোট ইউপিআই ভলিউমের ৩৭ শতাংশ এবং মূল্যের ৭০ শতাংশ), তা সম্পূর্ণ অপরিবর্তিত ও নিখরচায় থাকছে। নতুন এই ফি ব্যবস্থার একটি নির্দিষ্ট অংশ ছোট ব্যবসায়ীদের ইউপিআই পরিকাঠামো প্রসারের কাজে ব্যবহার করা হবে।