শিমলার ভিড় থেকে এক ঘণ্টার দূরত্বে এই জাদুকরী গ্রাম! পাহারায় থাকা আপেল বাগান আর কুয়াশার চাদরে ঢাকা হিমাচলের সেরা লুকানো রত্ন

পাহাড়ি ছুটি মানেই সাধারণত আমাদের মাথায় প্রথমে আসে শিমলার মল রোড কিংবা মানালির বরফাবৃত চত্বর। তবে জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রগুলোর অতিরিক্ত ভিড় এবং কোলাহল থেকে দূরে আপনি যদি সম্পূর্ণ শান্ত ও মনোরম একটি পরিবেশের খোঁজ করেন, তবে হিমাচলের ফাগু গ্রামটি আপনার জন্য হতে পারে এক নিখুঁত গন্তব্য। শিমলা থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে অবস্থিত এই ছোট গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সুবিশাল আপেল বাগানের জন্য ভ্রমণপিপাসুদের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে।
কেন আলাদা ফাগু?
চারপাশে ঘন পাইন বন এবং সবুজ পাহাড়ের মাঝে অবস্থিত ফাগু মূলত কুয়াশাবৃত আবহাওয়ার জন্য বেশ পরিচিত। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, বছরের বেশিরভাগ সময় এই এলাকায় ঘন কুয়াশা বিরাজ করায় এর নাম হয়েছে ফাগু। এখানকার আপেল বাগানগুলো ভ্রমণকারীদের প্রধান আকর্ষণ। এপ্রিল-মে মাসে যখন আপেল গাছগুলো সাদা ও গোলাপী ফুলে সেজে ওঠে, তখন পুরো এলাকার দৃশ্য চোখের শান্তিড়ায়। আর জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে গাছগুলো পাকা লাল আপেলে ভরে ওঠে, যা এক মনোরম দৃশ্যের জন্ম দেয়।
ঘোরার মতো কী কী রয়েছে?
ফাগুতে গেলে ঘুরে দেখার মতো বেশ কিছু চমৎকার জায়গা রয়েছে। এখানকার ঐতিহ্যবাহী কাঠের কারুকার্যে তৈরি বানথিয়া দেবতা মন্দির অত্যন্ত বিখ্যাত। এ ছাড়া, হাটু পিক এবং গিরি ভ্যালি থেকে বরফে ঢাকা হিমালয়ের চূড়াগুলোর অবিশ্বাস্য সুন্দর দৃশ্য দেখা যায়। যাঁরা একটু নির্জনতা পছন্দ করেন, তাঁরা ঘুরে আসতে পারেন ফাগুর কাছাকাছি চেওগ গ্রামটি, যা বন এবং ফলের বাগানে ঘেরা এক শান্তির আশ্রয়স্থল।
কখন এবং কীভাবে যাবেন?
-
ভ্রমণের সঠিক সময়: বছরের যেকোনো সময়ই এখানে যাওয়া যায়, তবে মে থেকে জুন মাস আবহাওয়া উপভোগের জন্য সেরা। এছাড়া সেপ্টেম্বর মাসে আকাশ পরিষ্কার থাকায় পাহাড়ের আসল রূপ স্পষ্টভাবে দেখা যায়। আর যদি বরফপাত উপভোগ করতে চান, তবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে যাওয়া উচিত।
-
যাতায়াত ব্যবস্থা: ফাগুর সবচেয়ে কাছের বিমানবন্দর হলো চণ্ডীগড়, যেখান থেকে ট্যাক্সি ভাড়া করে সহজেই পৌঁছানো যায়। ট্রেনে গেলে নামতে হবে কালকা স্টেশনে, যা এখান থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া সড়কপথে শিমলা, চণ্ডীগড় এবং দিল্লি থেকে বাস কিংবা নিজস্ব গাড়িতেও সরাসরি যাতায়াত করা যায়।