উচ্চ মাধ্যমিকের ৩য় সেমিস্টারে হঠাৎ বড় বদল! পরীক্ষার মুখেই নতুন সূচি জারি সংসদের

উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে ফের বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা তৃতীয় সেমিস্টারের একটি পরীক্ষা স্থগিত রেখে তার বদলে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। সংসদ সূত্রের খবর, ওই দিনের পরীক্ষাটি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে আগামী ১৩ অক্টোবরে। এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশিকা প্রকাশ করে সংশোধিত নির্ঘণ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
মূলত করম পুজোর কথা মাথায় রেখেই পরীক্ষার সূচিতে এই আংশিক পরিবর্তন করা হয়েছে বলে সংসদের তরফ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ১০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে রুটিনে কিছুটা সংশোধন আনা হয়েছিল। মঙ্গলবার আবারও নতুন করে সংশোধিত সময়সূচি প্রকাশ করল পর্ষদ।
নতুন সময়সূচি ও পরীক্ষার বিষয়:
-
পূর্বনির্ধারিত তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০২৬ (মঙ্গলবার)
-
নতুন তারিখ: ১৩ অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার)
-
পরীক্ষার সময়: দ্বিতীয় অর্ধে (বিকেল ২:০০ টা থেকে বিকেল ৩:০০ টা পর্যন্ত)
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত দিনে হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার (AGLV), পাওয়ার, ব্যাংকিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং এবং টেলিকমসহ সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মসিয়ুর রহমান সরদার জানিয়েছেন, পরীক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধার কথা বিবেচনা করেই নতুন এই রুটিন কার্যকর করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ যাতে প্রস্তুতিতে সমস্যায় না পড়ে, সে দিকেই নজর দিয়েছে সংসদ।