আমেরিকায় ৬% বাড়ল তো চিনে সরাসরি ৩৯%! বাণিজ্য দুনিয়ায় ভারতের বিরাট সাফল্যের ছবি প্রকাশ্যে

চলতি অর্থবর্ষের (২০২৬-২৭) এপ্রিল থেকে অগাস্ট মাস পর্যন্ত ভারতের পণ্য রপ্তানির ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্যের ছবি সামনে এসেছে। বিশ্বের বড় বড় আন্তর্জাতিক বাজারগুলিতে ভারতীয় পণ্যের চাহিদা যেভাবে বেড়েছে, তাতে অর্থনৈতিক মহলেও ইতিবাচক প্রভাব পড়েছে। বাণিজ্য মন্ত্রক সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষের এই পাঁচ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ৬.১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪২.৭৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে এই অঙ্ক ছিল ৪০.৩১ বিলিয়ন ডলার। একইভাবে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি ৩.৮৪ শতাংশ বেড়ে হয়েছে ২৭.৭৮ বিলিয়ন ডলার। তবে এই সমস্ত বড় বাজারকে পিছনে ফেলে সবচেয়ে বেশি নজড় কেড়েছে চিনে রপ্তানি বৃদ্ধির হার।

চিনে কোন কোন পণ্যের চাহিদা তুঙ্গে?

বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, চিনে ভারতের রপ্তানি একলাফে ৩৮.৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯.৬১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছর ছিল ৬.৯৩ বিলিয়ন ডলার। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন, চিনে এই রপ্তানি বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ইঞ্জিনিয়ারিং পণ্য (২০.৭৩ শতাংশ)। এর পাশাপাশি ইলেকট্রনিক পণ্য (১৫.৪%), পেট্রোলিয়াম পণ্য (১৩.৫৫%), জৈব ও অজৈব রাসায়নিক (১০.৫৩%) এবং লৌহ আকরিক (৯.৯৭%)-এর চাহিদাও দারুণভাবে বেড়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত টানাপোড়েন ও সাপ্লাই-চেইনের সমস্যা মেটাতে নতুন করে আলোচনা এবং সরাসরি বিমান চলাচল শুরু হওয়ায় ব্যবসায়িক আস্থা অনেকটাই ফিরেছে বলে মনে করা হচ্ছে।

অনান্য দেশেও ভারতীয় পণ্যের রমরমা

চিন ও আমেরিকার পাশাপাশি জাপান, ইতালি এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতেও ভারতীয় পণ্যের চাহিদা এক লাফে অনেকটা বেড়েছে। জাপানে ভারতের রপ্তানি ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩.৪৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া দক্ষিণ কোরিয়ায় রপ্তানি ২২ শতাংশ বেড়ে ৩.২১ বিলিয়ন ডলার এবং ইতালিতে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩.৯২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে বিশ্ব বাণিজ্যে ভারতের এই জোয়ার দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলেই আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *