চোখ রাঙাচ্ছে ডেঙ্গি! ছোটদের শরীরে কোন মারাত্মক লক্ষণগুলো দেখলে এক মুহূর্তও দেরি করবেন না?

আবহাওয়ার খামখেয়ালিপনায় এবং বৃষ্টির জমা জলে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ক্ষেত্রে ডেঙ্গি আরও বেশি প্রাণঘাতী ও ভয়ের হতে পারে, কারণ ছোটরা সবসময় নিজেদের শারীরিক সমস্যার কথা স্পষ্টভাবে বুঝিয়ে বলতে পারে না। নিউ টাউনের প্রখ্যাত নিওনেটোলজিস্ট ও পেডিয়াট্রিক মেডিসিন বিশেষজ্ঞ ডা. আফজল হুসেন শিশুদের ডেঙ্গি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছেন।
কোন উপসর্গগুলি একেবারেই অবহেলা করবেন না?
-
ক্রমাগত বমি ও পেটে ব্যথা: বারবার বমি হওয়া বা তীব্র পেটব্যথা হলে সাবধান হতে হবে। ছোট শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত কান্না করা বা পেটে অস্বস্তি দেখা দেওয়া বিপদের লক্ষণ।
-
রক্তপাত ও র্যাশ: নাক, মাড়ি বা শরীরের অন্য কোনো অংশ থেকে রক্তপাত, বমি বা মলের সঙ্গে রক্ত যাওয়া কিংবা সারা গায়ে ছোট ছোট র্যাশ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে।
-
শ্বাসকষ্ট: ফুসফুসে জল জমলে শ্বাসকষ্ট শুরু হতে পারে। শিশুর দমবন্ধ হওয়ার উপক্রম হওয়া, দ্রুত শ্বাস নেওয়া কিংবা হাত-পা ঠান্ডা ও ফ্যাকাশে হয়ে যাওয়াকে চিকিৎসকেরা ‘রেড অ্যালার্ট’ হিসেবে চিহ্নিত করেছেন।
-
প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া: পর্যাপ্ত তরল না খাওয়া এবং টানা ৬-৮ ঘণ্টার বেশি প্রস্রাব না হওয়া মারাত্মক বিপদের ইঙ্গিত দেয়।
-
অস্বাভাবিক ক্লান্তি: শিশুর হাত-পায়ের পাতা বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া, ঠোঁট শুকিয়ে যাওয়া, অতিরিক্ত ঘুম ঘুম ভাব বা নিস্তেজ হয়ে পড়া এবং খিটখিটে মেজাজ লক্ষ্য করলে অবিলম্বে সতর্ক হন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, শিশুদের ক্ষেত্রে শুধু জ্বরের ওঠানামা বা প্লেটলেটের সংখ্যা দেখে শারীরিক উন্নতির হিসাব কষা উচিত নয়। শিশুর আচরণে পরিবর্তন, তরল গ্রহণের মাত্রা, প্রস্রাব এবং তার সামগ্রিক সক্রিয়তার ওপর সবসময় কড়া নজর রাখতে হবে।