হাতে হ্যান্ডমাইক, রাস্তায় নেমেই চরম হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রা পালের! সাফ জানালেন, ‘ফুটপাত ছাড়ুন’

ফুটপাত দখল করে পার্কিং, নির্মাণসামগ্রী রাখা কিংবা বেআইনিভাবে দোকান বসানো—কোনোটিই আর বরদাস্ত করা হবে না। হাতে হ্যান্ডমাইক নিয়ে বিধাননগর পুরনিগম এলাকার রাস্তায় নেমে এক প্রকার কড়া বার্তা দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দ্ব্যর্থহীন নির্দেশ, সাধারণ মানুষের হাঁটার সুবিধার্থে অবিলম্বে ‘ফুটপাত মানুষের জন্য ছেড়ে দিন’।

মঙ্গলবার সল্টলেকের সিএ (CA) মার্কেটে একটি পরিবেশবান্ধব ভেন্ডিং মেশিনের উদ্বোধনে আসেন মন্ত্রী। এই মেশিন থেকে মাত্র ১০ টাকা দিলেই পাওয়া যাবে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ। ওই ভেন্ডিং মেশিন উদ্বোধনের পরেই হ্যান্ডমাইক হাতে মার্কেটে বেরিয়ে পড়েন তিনি। প্রথমে বাজারের ভেতরে মাইকিং করে প্লাস্টিক বর্জন করার জোরালো আবেদন জানান। পাশাপাশি বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যেখানে-সেখানে থুতু না ফেলার ব্যাপারেও সচেতনতামূলক বার্তা দেন।

এরপর ৩৯ নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়ে স্থানীয় পুলিশ আধিকারিকদের সঙ্গেও গুরুত্বপূর্ণ আলোচনা করেন মন্ত্রী। মার্কেটের বাইরে যাতে কোনোভাবেই বেআইনিভাবে কেউ বসতে না পারে, তা সুনিশ্চিত করার কড়া নির্দেশ দেন তিনি। এমনকি বেআইনি স্পা এবং অনুমতি ছাড়া লজ চালানোর অভিযোগ খতিয়ে দেখে পুলিশকে কড়া নজরদারির নির্দেশও দেওয়া হয়। পরিদর্শনের সময় চলন্ত গাড়ি থেকে হ্যান্ডমাইক হাতে রাস্তায় ঘুরে ফুটপাত জবরদখলকারীদের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন অগ্নিমিত্রা। কোথাও ফুটপাতে অবৈধভাবে গাড়ি পার্কিং, কোথাও আবার বাড়ি তৈরির জন্য ইট-বালি-সুরকি ফেলে রাস্তা আটকে রাখার মতো দৃশ্য নজরে আসতেই তিনি সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিনের এই অভিযান থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, বেআইনিভাবে গাড়ি পার্কিং করলেই গুনতে হবে জরিমানা। রাতভর বেআইনিভাবে রাস্তায় গাড়ি পার্ক করে রাখা যাবে না। সরকারিভাবে নাইট পার্কিংয়ের বিকল্প ব্যবস্থা করা হচ্ছে, নির্দিষ্ট মূল্য দিয়ে সেই জায়গাতেই গাড়ি রাখতে হবে। এছাড়া জল জমা, আবর্জনা বা খালি জমিতে ঝোপঝাড় পরিষ্কার রাখারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী। হকারদের ক্ষেত্রেও ফুটপাতের একটি নির্দিষ্ট অংশ ব্যবহারের পর বাকি অংশ পথচারীদের চলাচলের জন্য সম্পূর্ণ ফাঁকা রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *