প্রয়াত সহকর্মীর মায়ের হাতেই কি নন্দীগ্রামের লড়াই? ২০ হাজার সমর্থক নিয়ে মনোনয়ন পেশে যা বললেন শুভেন্দু!

রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু নন্দীগ্রামের উপনির্বাচনে সুর চড়াল গেরুয়া শিবির। প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে প্রার্থী করেছে বিজেপি। মঙ্গলবার প্রায় ২০ হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে উৎসবের আমেজে মনোনয়ন পেশ করলেন তিনি। এই হাইভোল্টেজ মনোনয়ন জমা দেওয়ার মঞ্চ থেকেই শাসক শিবিরকে চরম নিশানা করেন এবং প্রত্যয়ী বার্তা দেন বিরোধী দলনেতা। তাঁর জোরালো দাবি, নন্দীগ্রামে কল্পনাতীত রেকর্ড মার্জিনে জয় ছিনিয়ে নেবে বিজেপি।
মঙ্গলবার হাসিরানি রথের মনোনয়ন জমা দেওয়ার আগে এক বিশাল জনসভায় যোগ দেন বিজেপি নেতৃত্ব। বক্তৃতার শুরুতেই প্রয়াত চন্দ্রনাথ রথকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শুভেন্দু। তিনি বলেন, বিরোধী দলনেতা হিসেবে তাঁকে প্রভূত সাহায্য করেছিলেন ওই অবসরপ্রাপ্ত সামরিক কর্মী। শুভেন্দুর দাবি, যেভাবে চন্দ্রনাথকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার পেছনে একমাত্র কারণ ছিল একজন বিরোধী দলনেতাকে সহযোগিতা করা। আর সেই লড়াইকে সম্মান জানাতেই তাঁর মাতৃদেবীকে প্রার্থী করা হয়েছে।
এদিনের সভা থেকে নন্দীগ্রামের সাধারণ মানুষের উদ্দেশে একাধিক প্রতিশ্রুতিও দেন বিজেপি নেতৃত্ব। ভোটারদের আশ্বস্ত করে জানানো হয়, অতীতে যেভাবে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা হয়েছে, ভবিষ্যতেও তার কোনো ব্যত্যয় ঘটবে না। ভোটের ময়দানে এই আবেগ ও রাজনৈতিক সমীকরণ কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।