রান্নাঘরে ভূতের কাণ্ড! নতুন রিয়্যালিটি শোয়ে এসেই কেঁদে ভাসালেন টলিউডের জনপ্রিয় নায়ক?

একেবারে অন্য মেজাজে ধরা দিতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। বাংলা টেলিভিশনের পর্দায় আসছে একদম নতুন একটি রান্নার শো, যার নাম ‘রাঁধুনি না কাঁদুনি’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই শোয়ের প্রোমো, যা ঘিরেই ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। রাজ চক্রবর্তীর প্রযোজনায় তৈরি এই শোয়ের ফরম্যাট যে গতানুগতিক রান্নার অনুষ্ঠানগুলির থেকে একেবারে আলাদা, তা প্রোমো দেখেই স্পষ্ট।
কেমন হবে এই শোয়ের পরিবেশ?
প্রোমোতে দেখা যাচ্ছে, একটি গা ছমছমে ভৌতিক বাড়িতে কাপালিকের সাজে ধ্যানমগ্ন রয়েছেন অঙ্কুশ হাজরা। হঠাৎ এক ভক্ত এসে তাঁকে জাগিয়ে তুলতেই অঙ্কুশ আদেশ দেন, “হে রান্নাভূত, বাংলার সব বিখ্যাত শেফদের নিয়ে এসো!” কিন্তু এর পরেই ঘটে বিপত্তি। রান্নাঘরে হাজির হন ইমন চক্রবর্তী, সৌরভ দাস, রূপাঞ্জনা মিত্র, কাঞ্চন মল্লিক, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, সুস্মিত মুখোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলি ও অন্বেষা হাজরার মতো নামী তারকারা।
তারকাদের শেফদের বদলে রান্নাঘরে দেখতে পেয়ে অঙ্কুশ তো রীতিমতো অবাক ও হতাশ! রান্না করতে গিয়ে তারকারাও যে একের পর এক কাণ্ড ঘটিয়েছেন, তা প্রোমোতেই পরিষ্কার। কেউ ডিম ফাটিয়ে লাফিয়ে উঠেছেন, তো কেউ আবার মিক্সি চালানোর শব্দে ভয়ে সিঁটিয়ে গেছেন।
কী বলছেন অঙ্কুশ?
শো প্রসঙ্গে অভিনেতা অঙ্কুশ হাজরা জানিয়েছেন, এই ধরনের শোয়ে স্ক্রিপ্ট বা প্র্যাকটিস কম থাকলেই মানুষ বেশি রিলেট করতে পারে। নিজে আনন্দ পেলেই তবেই দর্শকদের আনন্দ দেওয়া সম্ভব বলে মনে করেন তিনি। শুধু তিনি একা নন, শোয়ে অংশ নেওয়া তারকারা এবং গোটা টিমের যৌথ প্রচেষ্টাতেই এই অনুষ্ঠান জমজমাট হয়ে উঠবে বলে তাঁর বিশ্বাস। আগামী ৩ অক্টোবর থেকে টেলিভিশনের পর্দায় সম্প্রচার শুরু হতে চলেছে এই অভিনব ও হাসির খোরাক জোগানো রান্নার শোয়ের।