স্মার্টওয়াচ খুললেই ঘড়ির পেছনে কেন জ্বলে সবুজ আলো? আসল রহস্য জানলে চমকে যাবেন!

যাঁরা নিয়মিত স্মার্টওয়াচ বা ফিটনেস ব্যান্ড ব্যবহার করেন, তাঁরা নিশ্চয়ই একটি বিষয় লক্ষ্য করেছেন। ঘড়িটি হাত থেকে খুলে রাখলেই এর পেছনের অংশে একটি সবুজ রঙের আলো অনবরত জ্বলতে এবং নিভতে থাকে। অনেকেই এই বিষয়টি নিয়ে ধন্দ্বে পড়েন। অনেকেরই ধারণা এটি হয়তো সংস্থার কোনো বিশেষ ডিজাইন বা চার্জিং ইন্ডিকেটর। তবে সত্যিটা জানলে আপনিও অবাক হবেন। এই ছোট্ট সবুজ আলোটি কোনো সাধারণ ডিজাইন নয়, বরং এটিই আপনার স্মার্টওয়াচের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ! আপনার হার্ট রেট, পালস রেট এবং রক্তে অক্সিজেনের পরিমাপ সম্পূর্ণভাবেই এর ওপর নির্ভর করে।
কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
এই বিশেষ প্রযুক্তিটির পোশাকি নাম PPG সেন্সর (ফটোপ্লেথিসমোগ্রাফি)। এই প্রযুক্তিটি মূলত আলোর প্রতিফলনের ওপর ভিত্তি করে কাজ করে। আমাদের রক্তের রঙ লাল হওয়ার কারণ এতে হিমোগ্লোবিন থাকে, আর এই হিমোগ্লোবিন সবুজ আলোকে সবচেয়ে বেশি মাত্রায় শোষণ করতে পারে।
স্মার্টওয়াচের পেছনে থাকা সবুজ LED লাইটগুলো যখন জ্বলে ওঠে, তখন সেই আলো মানুষের চামড়া ভেদ করে ভেতরের রক্তনালীর ওপর পড়ে। আমাদের হৃৎপিণ্ড যখন পাম্প করে রক্ত পাঠায়, তখন রক্তপ্রবাহ বাড়ে এবং সবুজ আলো বেশি শোষিত হয়। আবার হৃৎপিণ্ড যখন রক্ত টানে, তখন আলো কম শোষিত হয়ে বেশি পরিমাণে প্রতিফলিত হয়ে সেন্সরে ফিরে আসে। ঘড়ির ভেতরের সেন্সর এই আলো শোষণ এবং প্রতিফলনের ওঠানামা অত্যন্ত নিখুঁতভাবে মেপেই আপনার হার্টবিট বা হৃদস্পন্দন গুনে ফেলে।
অন্য রঙের বদলে কেন শুধু সবুজ আলোই ব্যবহার করা হয়?
প্রশ্ন উঠতেই পারে, বাজারে তো আরও কত রঙের আলো রয়েছে, তবে প্রস্তুতকারকরা কেন শুধু সবুজ আলোই ব্যবহার করেন? এর পেছনে মূলত দুটি বড় বৈজ্ঞানিক কারণ রয়েছে:
১. নিখুল রিডিং: সবুজ আলোর তরঙ্গদৈর্ঘ্য এমন যে এটি রক্তের লাল রঙের দ্বারা সবচেয়ে ভালোভাবে শোষিত হয়। তাই হার্ট রেট মাপার ক্ষেত্রে এটি অন্য যেকোনো আলোর চেয়ে অনেক বেশি নির্ভুল রিডিং দেয়।
২. নড়াচড়ায় নির্ভুলতা: সবুজ আলো চামড়ার খুব বেশি গভীরে প্রবেশ করে না। এর ফলে হাঁটাচলা, দৌড়নো বা হাত নাড়াচড়ার সময়ও সেন্সর সহজে ডেটা হারায় না। অন্যদিকে, লাল বা ইনফ্রারেড আলো চামড়ার অনেক গভীরে চলে যায়, যা শরীরচর্চা বা হাঁটার সময় নড়াচড়ার কারণে ভুল রিডিং দিতে পারে। এই কারণেই ফিটনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে সবুজ আলো সবচেয়ে কার্যকর।
সবসময় আলো জ্বলে থাকার অর্থ কী?
তবে এই সবুজ আলো সারাক্ষণ জ্বলে থাকা মানে এই নয় যে আপনার ঘড়িটি খারাপ হয়ে গেছে। ঘড়িটি যখনই আপনার কবজিতে থাকে, তখনই এটি প্রতি কয়েক সেকেন্ড অন্তর স্বয়ংক্রিয়ভাবে আপনার হার্ট রেট মাপতে থাকে। আর আপনি যখন ঘড়ির ‘ওয়ার্কআউট মোড’ অন করেন, তখন এই আলো আরও দ্রুত জ্বলতে ও নিভতে থাকে, যাতে প্রতিটি হার্টবিটের নিখুঁত হিসাব রাখা সম্ভব হয়। সুতরাং, পরের বার যখনই স্মার্টওয়াচের পেছনের এই সবুজ আলো দেখতে পাবেন, নিশ্চিন্ত থাকবেন—আপনার ঘড়িটি নিরলসভাবে আপনার হৃদয়ের খেয়াল রেখে চলেছে!