লেনিন-মার্কসের নামে আর নয় রাস্তা! নামবদলের জোরালো দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি

রাজ্যে নতুন সরকারের আমলে কলকাতার বিভিন্ন ঐতিহাসিক রাস্তার নাম বদলের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road)। এবার পালা লেনিন সরণির (Lenin Sarani)। কিছুদিন আগেই এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন কার্তিক মহারাজ। এবার জানা গেল, খুব শীঘ্রই লেনিন সরণির নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব দিতে চলেছেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। তাঁর প্রস্তাব অনুযায়ী, লেনিন সরণির নতুন নাম হতে পারে ‘দেবপ্রসাদ ঘোষ সরণি’। উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর ভারতীয় জনসংঘের সর্বভারতীয় সভাপতি ছিলেন দেবপ্রসাদ ঘোষ। পাশাপাশি কলকাতার আরও বেশ কয়েকটি প্রধান রাস্তার নাম পরিবর্তনেরও জোরালো ভাবনাচিন্তা চলছে।

নামবদলের নেপথ্যে বিশেষ কমিটি
গোপাল মুখার্জি রোড নামকরণ নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, কলকাতায় কোনও মুঘল, পাঠান বা অত্যাচারী ব্রিটিশের নামে রাস্তার নামকরণ থাকবে না। ভগিনী নিবেদিতা ছাড়া শহরের বুকে কোনও বিদেশির নাম রাখা হবে না। তবে এপিজে আব্দুল কালামের মতো প্রকৃত দেশভক্তদের অবদানকে রাজ্য সরকার সবসময় মর্যাদা দেবে। এরপরই রাজ্যের বিভিন্ন সড়ক, সেতু ও অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন বা নতুন নামকরণের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন কার্তিক মহারাজ এবং কমিটিতে অন্যতম সদস্য হিসেবে রয়েছেন তথাগত রায়ও।

কোন কোন রাস্তার নাম বদল হতে পারে?
বিজেপি নেতা তথাগত রায় জানিয়েছেন, লেনিন সরণি ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলের প্রস্তাব এই কমিটিতে পেশ করা হবে। কোন কোন রাস্তার নাম বদলে কী নতুন নামকরণ করা হতে পারে, তার একটি প্রাথমিক তালিকাও সামনে এসেছে:

লেনিন সরণি: নাম পরিবর্তন করে রাখা হতে পারে ‘দেবপ্রসাদ ঘোষ সরণি’।

কার্ল মার্কস সরণি: এই রাস্তার নাম বদলে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে করার প্রস্তাব রয়েছে।

হো-চি-মিন সরণি: এই সরণির নাম পরিবর্তন করে রাখা হতে পারে ‘মার্টিন লুথার কিং সরণি’।

অন্যান্য জনপথ: কলকাতার স্ট্র্যান্ড রোড কিংবা মেয়ো রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তন করে ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের নামে করারও চিন্তাভাবনা চলছে।

তথাগত রায় জানিয়েছেন, এই বিষয়ে তিনি প্রাথমিকভাবে কার্তিক মহারাজের সঙ্গে আলোচনা করেছেন এবং কমিটিতে আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করবেন। পরবর্তীতে কমিটির অনুমোদন সাপেক্ষেই এই রাস্তাগুলির নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *