“AI থেকে স্মার্ট কারখানা”-BRICS নিয়ে মোদীর প্রশংসা করে কী কী প্রস্তাব দিলেন জিনপিং

ব্রিকস সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। এই সফল বৈঠকের আয়োজন করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিশ্ব রাজনীতিতে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলির ক্রমবর্ধমান শক্তির ওপর জোর দিয়েছেন তিনি। বর্তমান বিশ্ব ব্যবস্থায় শতাব্দীর সবচেয়ে বড় পরিবর্তন ঘটছে উল্লেখ করে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তির বার্তা দিয়েছেন এবং একই সঙ্গে ‘শক্তিই ন্যায়’ এই ধারণাকে সম্পূর্ণ অবাস্তব ও বর্জনীয় বলে দাবি করেছেন।

মোদীর সঙ্গে বৈঠকের আবহেই শি জিনপিং তাঁর বার্তায় পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেছেন। বর্তমান বৈশ্বিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, বিশ্বকে আরও স্থিতিশীল ও সুন্দর করে তুলতে ব্রিকস দেশগুলির ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। সার্বভৌমত্ব রক্ষা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিগুলি অটুট রাখার ওপর বিশেষ জোর দিয়েছেন চিনের রাষ্ট্রপতি।

জিনপিং তাঁর বক্তব্যে বিশ্ব বাণিজ্য সংস্থা ও রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে গ্লোবাল সাউথের দেশগুলির অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন তিনি। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্যারিস চুক্তির সঠিক বাস্তবায়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সঠিক ব্যবহারের ওপরও গুরুত্ব আরোপ করেছেন তিনি।

চিনের পক্ষ থেকে পেশ করা পাঁচটি প্রধান প্রস্তাবের মধ্যে রয়েছে ব্রিকসের একটি এআই ওপেন-সোর্স কমিউনিটি গড়ে তোলা এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উন্নয়নে যৌথ সহযোগিতা। দ্বিতীয়ত, একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও স্মার্ট পোর্টাল তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। তৃতীয়ত, ডিজিটাল ইকোসিস্টেম ক্লাউড প্ল্যাটফর্ম তৈরি করে ডিজিটাল দক্ষতার বিকাশ ঘটানোর কথা বলা হয়েছে। চতুর্থত, অংশীদার দেশগুলিতে স্মার্ট কারখানা নির্মাণে সাহায্য করবে বেজিং। এবং পঞ্চমত, ব্রিকস দেশগুলির জন্য যৌথভাবে দক্ষ ইঞ্জিনিয়ার গড়ে তুলতে একটি বিশেষ জোট গঠনের প্রস্তাব দিয়েছেন শি জিনপিং।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *