কিশোর-মুকেশের গানে মেতে উঠলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী! ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে তুলবেন

দিল্লিতে চলা ব্রিকস সম্মেলনের ফাঁকে এক সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সম্মেলনে যোগ দিতে ভারতে এসে দিল্লির একটি হোটেলে আয়োজিত বিশেষ গালা ডিনারে মাইক হাতে বলিউড ক্লাসিক গান গেয়ে গোটা আসর মাতিয়ে দেন তিনি। নিজের এক্স হ্যান্ডলে সেই পারফরম্যান্সের ভিডিও নিজেই শেয়ার করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলে দিয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে আনোয়ার ইব্রাহিমের গলায় ১৯৬৪ সালের ‘সঙ্গম’ ছবির বিখ্যাত গান ‘দোস্ত দোস্ত না রহা’ এবং ১৯৬৫ সালের ‘তিন দেবিয়াঁ’ ছবির জনপ্রিয় ক্লাসিক ‘খোয়াব হো তুম ইয়া কোয়ি হকিকত’ শুনতে পাওয়া গেছে। বলিউডের সোনার যুগের গানের প্রতি তাঁর এই নিখাদ ভালোবাসার প্রকাশ নতুন নয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালয়েশিয়া সফরকে স্বাগত জানাতে নিজের সোশ্যাল হ্যান্ডলে ‘কভি খুশি কভি গম’ ছবির জনপ্রিয় ‘বোলে চুড়িয়া’ গান ব্যবহার করেছিলেন তিনি।

উল্লেখ্য, ২০২২ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। শনিবার ১৮তম ব্রিকস সম্মেলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকও হয়। সেই বৈঠকে মোদীর আকাশছোঁয়া জনপ্রিয়তার প্রশংসা করে আনোয়ার জানান যে তাঁর কাছেও বহু মানুষ মোদীকে শুভেচ্ছা জানানোর বার্তা পাঠিয়েছেন। ব্রিকসের পার্টনার কান্ট্রি হিসেবে এবারের সম্মেলনে গ্লোবাল গভর্নেন্স, বাণিজ্য, বিনিয়োগ এবং ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে উচ্চপর্যায় আলোচনায় অংশ নিয়েছে মালয়েশিয়া। তবে নীতিগত আলোচনার বাইরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই সুরের মূর্ছনা এবং ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর অনুরাগ দ্বিপাক্ষিক সম্পর্কে এক অন্য উষ্ণতার ছোঁয়া লাগিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *