মেট্রো যাত্রীরা সাবধান! রবিবার ৯ ঘণ্টা স্তব্ধ ব্লু লাইনের একাধিক স্টেশন, তালিকায় আপনার গন্তব্য নেই তো?

রবিবারের ছুটির দিনে মেট্রো সফরের পরিকল্পনা থাকলে যাত্রীদের জন্য রইল অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুট) জরুরি ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে আজ দিনের একটি বড় সময় বন্ধ থাকবে ট্রেন চলাচল।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলায় রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ স্থগিত রাখা হয়েছে।
তবে উত্তর ও মধ্য কলকাতার যাত্রীদের চলাচলে কোনো ব্যাঘাত ঘটবে না। এই সময় দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত স্বাভাবিক নিয়মেই মেট্রো চলাচল করবে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের পর রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে পুনরায় দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পুরো ব্লু লাইনেই স্বাভাবিক পরিষেবা চালু হয়ে যাবে। ছুটির দিনে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।