বিগ বসে ঢুকেই জীতুর কাণ্ড! সায়কের ছবি মাটিতে ফেলে কেন বললেন ‘সর্বনাশ’? তুলকালাম সমাজমাধ্যমে

রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ঘরে নতুন ধামাকা! ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে শো-এ এন্ট্রি নিলেন জনপ্রিয় অভিনেতা জীতু কমল। আর ঘরে প্রবেশ করার শুরুতেই নিজের স্পষ্ট বক্তব্যের মাধ্যমে খেলার পারদ চড়িয়ে দিলেন তিনি। সঞ্চালক সৌরভ গাঙ্গুলি এদিন জীতুকে ‘অপরাজিত’ বলে সম্বোধন করে ঘরের বাকি সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী জীতুর সামনে সব প্রতিযোগীদের ছবি রেখে জিজ্ঞেস করা হয়, তিনি কাদের সঙ্গে মেলামেশা করতে চান। জীতু বেছে বেছে অধিকাংশ সদস্যের ছবি সরিয়ে দিলেও তনুশ্রী ও ঝিলমের ছবি নিজের কাছে রেখে দেন। তবে আসল ড্রামা ঘটে সায়ক চক্রবর্তীর ছবি সামনে আসতেই! সায়কের ছবি দেখা মাত্রই তিনি সেটা ইচ্ছে করে হাত থেকে মাটিতে ফেলে দেন এবং মন্তব্য করেন, “এই ছবিতে হাত দিলেই সর্বনাশ!”

এই ঘটনার ভিডিও ক্লিপিং সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। জীতুর এই ব্যবহারে অনেকে চরম কটাক্ষ করে বলেছেন, পছন্দ না হলেও এমন আচরণ করা উচিত হয়নি। আবার অন্য একদল নেটিজেন জীতুর এই নাটকীয় আচরণে বেশ মজাই পেয়েছেন।

জীতুকে ‘দাদা’ সৌরভের জরুরি পরামর্শ:

শো-এর অন্দরে ঢোকার আগেই জীতুকে বিশেষ সাবধানবার্তা দেন সঞ্চালক সৌরভ গাঙ্গুলি। তিনি স্পষ্ট জানান, ঘরের ভেতরে জয়িতা ও ঝিলমের মতো শক্ত প্রতিযোগীদের মুখোমুখি হতে হবে জীতুকে। এমনকি রাজবীরের সঙ্গে তাঁর কড়া টক্কর হতে পারে বলেও আভাস দেন সৌরভ।

সৌরভের পরামর্শ, “ঘরে গিয়ে মুখ বন্ধ রাখলে চলবে না, নিজের বক্তব্য স্পষ্ট করে তুলে ধরতে হবে।” জবাবে জীতুও দাদাকে আশ্বস্ত করে জানান, তিনি অন্যায়ের প্রতিবাদ করতে এবং নিজের মতামত জানাতে ভালোবাসেন। জীতুর কথায়, “ভাল মানুষরা নিজেদের বক্তব্য রাখেন বলেই পৃথিবীটা এখনও সুন্দর আছে।”

সৌরভ গাঙ্গুলি জীতুকে একজন ‘স্ট্রং কন্টেনডেন্ট’ হিসেবে তুলে ধরেছেন। অভিনেতার এই ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে ইতিমধ্যেই উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। এখন দেখার, জীতুর উপস্থিতিতে ‘বিগ বস’-এর ঘরের সমীকরণ কোন দিকে মোড় নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *