মেট্রো যাত্রীরা সাবধান! রবিবার ব্লু লাইনের একাধিক স্টেশনে টানা বন্ধ পরিষেবা, রইল জরুরি সূচি

রবিবার ছুটির দিনে মেট্রো সফরের পরিকল্পনা থাকলে আগেই জেনে নিন নতুন সূচি। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) জরুরি রক্ষণাবেক্ষণ, ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে রবিবার দিনের একটি নির্দিষ্ট সময়ে একাধিক স্টেশনে ট্রেন চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ব্লু লাইনে কখন ও কোথায় ট্রেন পরিষেবা ব্যাহত?
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, গীতাঞ্জলি ও কবি নজরুল মেট্রো স্টেশনের মাঝামাঝি অংশে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। সেই কারণে রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
তবে নিত্যযাত্রীদের জন্য স্বস্তির খবর হলো, এই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত স্বাভাবিক নিয়মেই ট্রেন চলাচল করবে। অর্থাৎ উত্তর ও মধ্য কলকাতার যাত্রীদের চলাচলে কোনো সমস্যা হবে না। কর্তৃপক্ষ আশা করছে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের পর পুরো দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটেই আবার স্বাভাবিক পরিষেবা চালু হয়ে যাবে।
উল্লেখ্য, সম্প্রতি ব্যস্ত দিনেও যান্ত্রিক সমস্যার কারণে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা সাময়িক ব্যাহত হয়েছিল। যাত্রীদের ভোগান্তি এড়াতেই ছুটির দিনে কম ভিড়ের সময়টিকে এই জরুরি মেরামতির কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।
জোকা-এসপ্ল্যানেড রুটে নতুন মাইলফলক: মাটির নিচ থেকে আত্মপ্রকাশ করল ‘দুর্গা’
অন্য এক খবরে মেট্রো কর্তৃপক্ষের বড় সাফল্য মিলল পার্পল লাইনে (জোকা-এসপ্ল্যানেড)। ২০২৯ সালের মধ্যে এই রুটে যাত্রী চলাচলের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।
এই প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গ কাটার জন্য ‘দুর্গা’ এবং ‘দিব্যা’ নামে দুটি বিশেষ টানেল বোরিং মেশিন (TBM) ব্যবহার করা হচ্ছে। এক বছর আগে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছিল ‘দুর্গা’। সম্পতি প্রথম পর্যায়ের সুড়ঙ্গ তৈরির কাজ সম্পন্ন করে ভিক্টোরিয়া ভূগর্ভস্থ স্টেশনের মাটির নিচ থেকে সফলভাবে আত্মপ্রকাশ করেছে এই মেশিনটি। এর ফলে জোকা-ধর্মতলা পার্পল লাইনের টানেলিংয়ের কাজে এক বিরাট অগ্রগতি ঘটল।