টলিউডে ফের বিয়ের সানাই! ডিসেম্বরেই কালিম্পংয়ে ডেস্টিনেশন ওয়েডিং মিমির? পাত্র কে জানেন?

টলিউডে ফের একবার বিয়ের সানাই বাজার গুঞ্জন! চর্চায় এবার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই নাকি খুব শীঘ্রই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। তবে পাত্রের পরিচয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাঁস, মিমির হবু বর বিনোদন জগতের কেউ নন, তিনি পেশায় একজন নৌসেনা আধিকারিক।

জলপাইগুড়ির মেয়ে মিমি পড়াশোনা ও কেরিয়ারের সূত্রে কলকাতার বাসিন্দা হলেও, তাঁর জীবনের বিশেষ এই দিনটির জন্য নাকি পাহাড়কেই বেছে নেওয়া হয়েছে। গুঞ্জন রয়েছে, চলতি বছরের নভেম্বর মাসেই আইনি বিয়ে সারবেন অভিনেত্রী। এরপর ডিসেম্বরে কালিম্পংয়ের কোলেই কোনও এক মনোরেম স্থানে বসবে তাঁর ডেস্টিনেশন ওয়েডিংয়ের আসর। এমনকি ঘনিষ্ট মহলে নাকি বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছানোও শুরু হয়ে গেছে।

যদিও এই বিষয়ে মিমির আপ্তসহায়কের তরফে জানানো হয়েছে, নায়িকার বিয়ের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তাঁদের কাছে কোনও তথ্য নেই। তবু টলিপাড়ায় কান পাতলে জোর গুঞ্জন, বহুচর্চিত প্রেম পর্ব পেরিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। ২০১০ সালে ‘গানের ওপারে’ সিরিয়ালের মাধ্যমে অভিনয়ের দুনিয়ায় পা রাখা মিমি চক্রবর্তী বরাবরই তাঁর পেশাদার কেরিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থেকেছেন। অতীতে রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ বহুবার খবরের শিরোনামে উঠে এলেও, সে অধ্যায় এখন অতীত। এখন সকলের নজর খোদ মিমিরই আগামী পদক্ষেপের দিকে। এই বিয়ের গুঞ্জন শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণায় রূপ নেয় কি না, সেটাই দেখার!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *